জাতীয় কাবাডিতে চ্যাম্পিয়ন বিজিবি
১৯৭৩ সাল থেকে জাতীয় কাবাডি শুরু। আর ১৯৭৭ সাল থেকে চ্যাম্পিয়ন হওয়া শুরু বিডিআরের। কাবাডিতে আধিপত্য ধরে রেখে ৩০ বারের মধ্যে এ পর্যন্ত ২২ বারই তারা চ্যাম্পিয়ন। যদিও এবার মিজান জাতীয় কাবাডিতে চ্যাম্পিয়ন তারা নতুন নামে—বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পল্টন কাবাডি স্টেডিয়ামে কাল ফাইনালে বিজিবি ২৮-১৬ পয়েন্টে হারিয়েছে বাংলাদেশ পুলিশকে।পুলিশকে হারিয়ে দারুণ খুশি দলের অধিনায়ক জিয়াউর রহমান, ‘আমরা মাত্র এক মাস অনুশীলন করেছি। এত অল্প সময় অনুশীলন করেও চ্যাম্পিয়ন হতে পেরে খুবই ভালো লাগছে।’ একপেশে ফাইনালের পর চ্যাম্পিয়ন ট্রফিটা বিজিবি দলের খেলোয়াড়-কর্মকর্তাদের হাতে তুলে দেওয়া হলেও প্রাইজমানি নিয়ে চলেছে লুকোচুরি। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সবার সামনে দেওয়া হয়নি চ্যাম্পিয়নের ৫০ হাজার টাকা। প্রতিযোগিতা শেষে বিজিবি দলের ম্যানেজার মেজর তাপস ফেডারেশন কর্মকর্তাদের কাছে প্রাইজমানির ব্যাপারে তাগাদা দেন। এরপর অনানুষ্ঠানিকভাবে টাকার অঙ্ক লেখা ডামি চেক তুলে দেওয়া হয় ফেডারেশন কার্যালয়ে। কর্মকর্তারা নগদ টাকাটা পরে দেওয়ার আশ্বাস দিয়েছেন। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন বিজিবির মোজাম্মেল হক। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী।