জাতীয় ক্রিকেটার শেখ সালাউদ্দিন আর নেই

মাত্র ৪৪ বছর বয়সেই চলে গেলেন জাতীয় দলের সাবেক অফস্পিনার শেখ সালাউদ্দিন। আজ মঙ্গলবার ভোরে হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ১৯৯৭ সালে আইসিসি ট্রফি বিজয়-পরবর্তী সময়ে দেশের হয়ে ছয়টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন। খুলনা বিভাগের হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটও খেলেছেন বেশ কিছুদিন (২০০০-২০০৬)। টেস্টটা খেলা না হলেও দেশের ক্রিকেট অঙ্গনে বেশ নির্ভরযোগ্য খেলোয়াড় হিসেবেই পরিচিত ছিলেন তিনি।
মৃত্যুর আগে সালাউদ্দিন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) খুলনা বিভাগীয় কোচ হিসেবে কর্মরত ছিলেন। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বিসিবি। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে নিউজিল্যান্ড ও বাংলাদেশের ম্যাচের শুরুতে শেখ সালাউদ্দিনের মৃত্যুতে নীরবতা পালনের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
১৯৯৭ সালের এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে একদিনের ক্রিকেটে শেখ সালাউদ্দিনের অভিষেক হয়। জীবনের প্রথম আন্তর্জাতিক প্রতিযোগিতাতেই তিনি বল হাতে নৈপুণ্যের স্বাক্ষর রাখেন। এরপর আরও কয়েকটি ওয়ানডে খেললেও তিনি তাঁর অন্তর্জাতিক ক্যারিয়ার দীর্ঘায়িত করতে পারেননি।