জাতীয় খেলোয়াড়েরাই স্বাধীনতা দিবস হকিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবাহনী, মোহামেডান, ঊষার মতো বড় ক্লাবগুলো খেলছে না স্বাধীনতা দিবস হকিতে। পাঁচ দলের টুর্নামেন্টের চারটিই সেবা দল—সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী ও পুলিশ। প্লেয়ারস ফ্যাশন নামে অখ্যাত একটি ক্লাবও খেলছে। তবে সেবা দলগুলোতে জাতীয় দলের খেলোয়াড়দের দেখা যাচ্ছে। নৌবাহিনীতে খেলছেন তাপস বর্মণ, কৃষ্ণ কুমার ও ইমরান হাসান। পুলিশে পুষ্কর খীসা, হাসান যুবায়ের ও সারোয়ার হোসেন। প্লেয়ারস ফ্যাশন দলটি গড়াই হয়েছে জাতীয় দলের বর্তমান ও সাবেক খেলোয়াড়দের নিয়ে। জাতীয় দলের আসাদুজ্জামান চন্দন, জাহিদ হোসেন ও শেখ মোহাম্মদ নান্নুদের সঙ্গে খেলছেন সাবেক খেলোয়াড় ইসা মিয়া, মুসা মিয়া ও শহীদুল্লাহ টিটো। আসাদুজ্জামান চন্দন টুর্নামেন্টটাকে দেখছেন নিজেদের প্রস্তুতির সুযোগ হিসেবে, ‘দিল্লি থেকে বিশ্ব হকি লিগের দ্বিতীয় রাউন্ডে খেলে আসার পর আমরা একদমই অনুশীলন করিনি। কদিন পরই শুরু হবে বাংলাদেশ গেমস। গেমসের জন্যও প্রস্তুতিটা হয়ে যাবে। সঙ্গে দলবদলের আগে এটা আমাদের খুব উপকারে আসবে।’ মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে কাল একমাত্র ম্যাচে সেনাবাহিনী ৩-১ গোলে হারিয়েছে নৌবাহিনীকে।