জাতীয় জুনিয়রেও চ্যাম্পিয়ন ফাহাদ
গত সপ্তাহেই জাতীয় সাব-জুনিয়র দাবায় টানা চতুর্থবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে। এবার জুনিয়র দাবাতেও চ্যাম্পিয়ন ফাহাদ রহমান। এক রাউন্ড বাকি থাকতেই শিরোপা জিতল দেশের সর্বকনিষ্ঠ ফিদে মাস্টার।
কাল সপ্তম রাউন্ডে গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের ছেলে তাহসিন তাজওয়ারকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা নিশ্চিত করে ফাহাদ। ৭ খেলায় তাঁর ৭ পয়েন্ট। আজ শেষ রাউন্ডে ড্র করলে বা হারলেও কোনো ক্ষতি বৃদ্ধি হবে না। ফাহাদের বর্তমান ফিদে রেটিং ২১৬৯। তবে পরপর দুটি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় যোগ হলো আরও ১০২ রেটিং পয়েন্ট।
আবারও চ্যাম্পিয়ন হতে পেরে ভীষণ খুশি এই খুদে দাবাড়ু, ‘চ্যাম্পিয়ন হতে পারব, এমন আত্মবিশ্বাস নিয়েই খেলা শুরু করেছিলাম। প্রতিটি ম্যাচই ভালো খেলেছি। শুধু ষষ্ঠ রাউন্ডে সুব্রতর সঙ্গে জিততে একটু কষ্ট হয়েছে। এক সপ্তাহের ব্যবধানে দুটি শিরোপা জিততে পেরে খুব ভালো লাগছে।’
গত জানুয়ারি থেকে চেন্নাইয়ের একটি দাবা একাডেমিতে অনুশীলন করছে ফাহাদ। জুনিয়র প্রতিযোগিতা শেষ করে আবারও সে ভারত যাবে ২৫ মে। জুন মাসে ভুবনেশ্বরে গ্র্যান্ডমাস্টার টুর্নামেন্টে খেলে মুম্বাইয়ে অংশ নেবে মেয়র কাপে। জুলাইয়ে দিল্লিতে কমনওয়েলথ দাবার অনূর্ধ্ব-১৪ বিভাগে খেলবে। গতবার কমনওয়েলথ দাবার অনূর্ধ্ব-১২ বিভাগের ব্রোঞ্জজয়ী এবার সোনা জিততে চায়। এসব টুর্নামেন্ট খেলার ফাঁকে চেন্নাইয়ের একাডেমিতে ট্রেনিংটাও চলবে ফাহাদের।
চ্যাম্পিয়ন ফাহাদের জন্য সুসংবাদ অপেক্ষা করছে আরও একটি। আগামী অক্টোবরে ইউরোপে তিন মাসের প্রশিক্ষণে ফাহাদকে ইউরোপে পাঠাবেন বলে জানালেন ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম।