জাতীয় দল থেকে বাদ ওয়ালি-মিঠুন?
হাতে সময় কম। জোড়াতালির প্রস্তুতি নিয়েই ভারতে যেতে হবে জাতীয় ফুটবল দলকে। আগামী ৫ মার্চ গোয়ায় অনুষ্ঠেয় আন্তর্জাতিক প্রীতি ম্যাচ সামনে রেখে সেই প্রস্তুতি শুরু ২৫ ফেব্রুয়ারি।
ওই দিন বিকেল ৩টায় বাফুফে ভবনে খেলোয়াড়দের রিপোর্টিং। তবে ক্যাম্পে ডাক পাওয়া প্রায় অর্ধেকের বেশি খেলোয়াড়কে ২৫ তারিখ পাওয়া যাবে না। কারণ শেখ জামাল-শেখ রাসেল লিগ ম্যাচ ২৮ ফেব্রুয়ারি। ওই ম্যাচটা খেলার পরই এই দুলের খেলোয়াড়েরা ক্যাম্পে যোগ দেবেন। দল গোয়ায় যাবে ২ মার্চ। কাজেই প্রস্তুতি বলতে আসলে তেমন কিছুই হবে না।
গত সেপ্টেম্বরে কাঠমান্ডুতে সাফ ফুটবলের পাঁচ মাস পর জাতীয় দল প্রীতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে, এটাই আসলে বড় খবর। একই সঙ্গে কোচ লোডভিক ডি ক্রুইফ একটা কাজ পেলেন, যা এই ম্যাচের অন্যতম প্রাপ্তি। যদিও তিন মাসের বেতন বকেয়া পড়ায় ডি ক্রুইফের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে বাফুফের। ডাচ কোচ নাকি বলেছেন, বকেয়া না পেলে তিনি ক্যাম্প শুরু করবেন না। এসব বিষয় নিয়ে পরশু জাতীয় দল কমিটির এক সদস্যের সঙ্গে দীর্ঘ আলোচনা হয়েছে ডি ক্রুইফ এবং তাঁর সহকারী রেনে কোস্টারের।
কোচদের আর্থিক ব্যাপারটা এক পাশে রেখে প্রস্তুতি চলছে দলকে ভারতে পাঠানোর। এই ম্যাচের জন্য বাফুফের স্থানীয় কোচরা ক্রুইফকে ৩০-৩১ জন খেলোয়াড়ের নাম জমা দিয়েছেন। তা থেকে নিজের বিবেচনায় ২৫-২৬ জন খেলোয়াড়কে ক্যাম্পে ডাকতে পারেন কোচ।
একটি সূত্র জানিয়েছে, ভারত ম্যাচের জন্য ডি ক্রুইফের দলে জায়গা পাচ্ছেন না স্ট্রাইকার মিঠুন চৌধুরী। লিগে এবার ভালো খেললেও কোচের পরিকল্পনার সঙ্গে নাকি যাচ্ছেন না মিঠুন। ডিফেন্ডার ওয়ালি ফয়সালও নেই। সাফে যাঁকে প্রথম একাদশে খেলিয়েছেন ডি ক্রুইফ, সেই গোলরক্ষক মামুন খানও বাদ পড়ছেন। চোটের কারণে ডিফেন্ডার আরিফ থাকছেন না। সাফে মোটামুটি নজরকাড়া বিজেএমসির মিডফিল্ডার ওমর ফারুকও বিবেচনায় নেই, এমনটাই জানা গেছে।
তবে সাফে বাজে খেলা মিডফিল্ডার জাহিদ হোসেনকে রাখা হচ্ছে ভারতগামী দলে। খেয়ালি এই তরুণকে জাতীয় দল থেকে বাদ দেওয়ার সুপারিশ করেছিল সাফ ব্যর্থতার কারণ অনুসন্ধানে গঠিত কমিটি। কিন্তু কিছু ভুলত্রুটি এবং খামখেয়ালিপনা থাকলেও জাহিদকে জাতীয় দলে দরকার বলেই মনে করেন কোচ।
একেবারেই নতুন কয়েকজন তরুণ সুযোগ পাচ্ছেন এবার, যাঁদের মধ্যে দুজন চট্টগ্রাম আবাহনীর। অনূর্ধ্ব-১৯ দলে খেলা ডিফেন্ডার বাদশা, শেখ জামালের ডিফেন্ডার দিদারুলকেও সম্ভবত ডাকা হচ্ছে প্রাথমিক দলে।