জাতীয় দলকে ধবলধোলাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ম্যাচ শেষে দুই দলের ক্রিকেটারদের হাত মিলিয়ে সৌহার্দ্য বিনিময় ক্রিকেটীয় সংস্কৃতিরই অংশ। কিন্তু মিরপুরে কাল সেটা করতে গিয়ে ‘এ’ দলের অধিনায়ক নাসির ‘চড়’ খেলেন জাতীয় দলের পেসার মাশরাফির হাতে! তবে সেটা যে মজা করেই, নাসিরের মুখভঙ্গিটাই তা বলে দিচ্ছে  প্রথম আলো
ম্যাচ শেষে দুই দলের ক্রিকেটারদের হাত মিলিয়ে সৌহার্দ্য বিনিময় ক্রিকেটীয় সংস্কৃতিরই অংশ। কিন্তু মিরপুরে কাল সেটা করতে গিয়ে ‘এ’ দলের অধিনায়ক নাসির ‘চড়’ খেলেন জাতীয় দলের পেসার মাশরাফির হাতে! তবে সেটা যে মজা করেই, নাসিরের মুখভঙ্গিটাই তা বলে দিচ্ছে প্রথম আলো

প্রস্তুতি ম্যাচের সিরিজ। এমনিতে হারজিত বড় হয়ে ওঠার কথা নয়। কিন্তু তিন ম্যাচের সেই টি-টোয়েন্টি সিরিজে যখন ‘এ’ দলের কাছে জাতীয় দল হারে ৩-০ ব্যবধানে, চিন্তার খোরাক তো থাকেই।

প্রথম দুই ম্যাচে হেরে সিরিজ খোয়ানো জাতীয় দল কাল শেষ ম্যাচে শুধু সান্ত্বনার জয়ই পেতে পারত। কিন্তু মুমিনুল হক আর মোহাম্মদ মিঠুনের ঝোড়ো ব্যাটিং মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে উড়িয়ে দিল সেই সম্ভাবনাও। ৮ উইকেটে জিতে জাতীয় দলকে ‘হোয়াইটওয়াশ’ই করে দিল ‘এ’ দল।

আগের দুই ম্যাচে ব্যাটিংয়ের বেশি সুযোগ পাননি ‘এ’ দলে খেলা মার্শাল আইয়ুব ও মুমিনুল। ব্যাটিং প্র্যাকটিসের সুযোগ করে দিতে কাল তাই ওপেনিং জুটিতে পাঠানো হলো দুজনকে। ৬.২ ওভারে ৭৪ রানের ওপেনিং জুটি গড়ে তারা সুযোগটা কাজেও লাগালেন। বিশেষ করে মুমিনুল। ২৩ বলে করেছেন ৫৫ রান, এর মধ্যে ফিফটিতে পৌঁছাতে খেলেছেন মাত্র ১৯ বল। ৯ বাউন্ডারির সঙ্গে আবদুর রাজ্জাক ও আল আমিনের বলে ছক্কাও আছে দুটি। রাজ্জাকের বলে ছক্কাটা মেরেছেন ইনিংসের পঞ্চম ওভারে। মার্শাল-মুমিনুল মিলে ওই ওভারে নেন ২০ রান, যাতে তিন চার আর ওই এক ছক্কায় মুমিনুলের একারই ১৯! এটাই বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম ফিফটির নতুন রেকর্ড। ২০ বলে ফিফটির আগের রেকর্ডটা ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপে মোহাম্মদ আশরাফুলের।

মুমিনুল-মার্শালের অমন শুরুর পর ‘এ’ দলের বাকি কাজটায় মধুর সমাপ্তি টেনেছেন মোহাম্মদ মিঠুন ও সাব্বির রহমান (৩৭*)। তৃতীয় উইকেটে তাদের ১০৩ রানের অবিচ্ছিন্ন জুটিতেই ২১ বল বাকি থাকতে ম্যাচ জিতে যায় নাসিরের দল। প্রথম দুই ম্যাচে ছিল অনেক দর্শক, তুলনায় কাল ছিল একটু কম। তার পরও যাঁরাই এসেছেন, মন ভরে উপভোগ করেছেন মুমিনুল-মিঠুনের ব্যাটিং।
মুমিনুলের চেয়ে প্রতাপ ছিল একটু কম, তার পরও ২৫ বলে ফিফটি করা মিঠুন শেষ পর্যন্ত ৬৭ রান করে অপরাজিত থেকেছেন মাত্র ৩০ বলে। মুমিনুলের মতো রাজ্জাকের ওপর খড়্গহস্ত হয়েছিলেন তিনিও। বাঁহাতি এই স্পিনারের করা ইনিংসের ১৫তম ওভারের শেষ তিন বলেই এক ছক্কা আর দুই চারে নিয়েছেন ১৪। ওই ওভারে ১৭ রান দিয়েছেন রাজ্জাক।

মিঠুন ‘এ’ দলের খেলোয়াড়, মুমিনুল তো সেখানে জাতীয় দলেরই প্রতিনিধি। ম্যাচ শেষে জাতীয় দলের অধিনায়ক মুশফিকুর রহিমও সেটা মনে করে সান্ত্বনা খুঁজলেন। জাতীয় দলের ইনিংসে একজন মুমিনুলের অভাব টের পাওয়া যাচ্ছিল। শামসুর রহমানের ৩৭, মুশফিকের ৩৮ কিংবা সোহাগ গাজীর ২০ রানের ইনিংসগুলো আরও বড় হতে পারত। বল হাতে পরে ৩ ওভারে ৪৫ রান দেওয়া রাজ্জাক ব্যাট হাতে ভালোই ঝড় তুলেছেন। ১৫ বলে অপরাজিত ছিলেন ৩৬ রানে, তিন বাউন্ডারির সঙ্গে মেরেছেন তিন ছক্কা। আরাফাত সানির করা ইনিংসের ১৯তম ওভারেই দুই চার আর এক ছক্কায় নিয়েছেন ১৭। তাতে জাতীয় দলের ইনিংসের শেষ ৫ ওভারে এসেছে ৪৮ রান।
কিন্তু লাভ কী? ১৫ বলে অপরাজিত ৩৬-এর চেয়ে যে ৩ ওভারে দেওয়া ৪৫ রানই বড় হয়ে উঠল সবশেষে!

সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ: ২০ ওভারে ১৮৮/৯ (সৌম্য ০, এনামুল ১৩, শামসুর ৩৭, মুশফিকুর ৩৮, মাহমুদউল্লাহ ১৪, নাঈম ৫, সোহাগ ২০, মাশরাফি ১৭, রাজ্জাক ৩৬*, রুবেল ০, আল আমিন ২*; আরাফাত ২/৩৫, ইলিয়াস ২/৩৩, ফরহাদ ০/২০, নাসির ২/৪০, আলাউদ্দিন ০/১০, সাব্বির ০/২৮, মুক্তার ৩/২১)।
বাংলাদেশ ‘এ’: ১৬.৩ ওভারে ১৯০/২ (মার্শাল ২৫, মুমিনুল ৫৫, মিঠুন ৬৭*, সাব্বির ৩৭*; মাশরাফি ০/৩০, রুবেল ০/৩৫, রাজ্জাক ০/৪৫, সোহাগ ০/২৬, আল আমিন ২/২৮, সৌম্য ০/১৬)। ফল: বাংলাদেশ ‘এ’ দল ৮ উইকেটে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: মোহাম্মদ মিঠুন।