মাত্র একটা প্রস্তুতি ম্যাচ। আজ সকালে মোহামেডানের বিপক্ষে ওই ম্যাচে এক গোলে হেরেছে জাতীয় দল। তার পরও ৫ মার্চ ভারতের সঙ্গে প্রীতিম্যাচে জিততে চান লোডভিক ডি ক্রুইফ। অভিজ্ঞদের সঙ্গে নতুনের মিশেলে দল গড়েছেন এই ডাচ কোচ। প্রথমবারের মতো ডাক পেয়েছেন অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, রুবেল মিয়া, আমিনুর রহমান ও দিদারুল হক। ২১ সদস্যের চূড়ান্ত দলে অধিনায়ক মামুনুল ইসলাম ও সহ-অধিনায়ক নাসির উদ্দিন চৌধুরী। আগামীকাল মুম্বাই বিমানবন্দরে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ডেনমার্ক প্রবাসী ফুটবলার জামাল ভূঁইয়ার।
বাংলাদেশ দলের এয়ারলাইন স্পন্সর হয়েছে জেট এয়ার ওয়েজ। আগামীকাল বেলা সোয়া একটায় জেট এয়ারওয়েজেই ভারতের উদ্দেশে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। গোয়ার পণ্ডিত জওহরলাল নেহরু স্টেডিয়াম থেকে ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টেন স্পোর্টস।
গত সপ্তাহে ডাকা হয়েছিল ২৮ সদস্যের প্রাথমিক দল। সেখানে বাদ পড়েছিলেন সর্বশেষ সাফে খেলা ডিফেন্ডার ওয়ালী ফয়সাল, কেষ্ট কুমার, আরিফুর রহমান, মিডফিল্ডার ওমর ফারুক, স্ট্রাইকার ওয়াহেদ আহমেদ, সাখাওয়াত রনি ও গোলরক্ষক জিয়াউর রহমান। এঁদের মধ্যে শুধু জিয়াই চোটের কারণে বাদ পড়েছেন। এবার চূড়ান্ত দল থেকেও চোট ছিটকে দিয়েছে উইঙ্গার জাহিদ ও মোবারককে। বাদ পড়েছেন গোলরক্ষক মামুন, মিডফিল্ডার শাহেদুল, বাদশা, ফরোয়ার্ড জুয়েল ও ডিফেন্ডার ইমন।
গত সাফে গ্রুপ পর্বে শেষ মিনিটের গোলে ভারতের সঙ্গে ড্র করেছিল বাংলাদেশ। সেই যন্ত্রণা এখনো তাড়িয়ে বেড়ায় অধিনায়ক মামুনুলের। এবার ভারতের বিপক্ষে জিততে চান এই মিডফিল্ডার, ‘ভারত আমাদের সব সময় উপেক্ষা করে। কিন্তু সম্প্রতি আমরা কলকাতায় আইএফএ শিল্ডে খুব ভালো খেলেছি। এখন ওরা আমাদের নিয়ে নিশ্চয়ই ভাববে। তা ছাড়া শিল্ডের সাফল্য আমাদের আরও আত্মবিশ্বাসী করে তুলেছে। সেরাটা খেলতে পারলে আশা করি ভারতকে হারাতে পারব আমরা।’ কোচ লোডভিক ডি ক্রুইফ আশাবাদী তরুণদের নিয়ে, ‘সালাউদ্দিন আমাকে বলেছিলেন তরুণদের সুযোগ দিতে। ভবিষ্যতের কথা চিন্তা করেই আমি ওদের সুযোগ দিয়েছি। আমাদের দলে বেশ কয়েকজন তরুণ আছে যারা খুব সম্ভাবনাময়।’
বাংলাদেশ দল: বিপ্লব, শহীদুল, মাজহারুল, রায়হান, লিঙ্কন, তপু, নাসির, ইয়াসিন, আতিকুর, ইয়ামিন, রুবেল, মামুনুল, সোহেল, তকলিচ, এমিলি, জামাল, আমিনুর, মিঠুন, দিদারুল, হেমন্ত, তৌহিদুল।