জাতীয় দলে ফিরতে ব্যাকুল এনামুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত মৌসুম পুরোটাই মাঠের বাইরে ছিলেন। হাঁটুর চোট ছিটকে দিয়েছে জাতীয় দল থেকেও। এনামুল নিজেকে আবার ফিরে পেতে চান। জাতীয় দলের প্রাথমিক তালিকায় ঠাঁই পেয়ে এখন তাঁর চোখ চূড়ান্ত দলের দিকে। কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে জাতীয় দলের হয়ে অনুশীলন ম্যাচও খেললেন বয়সভিত্তিক দলের সঙ্গে। পেনাল্টি থেকে একটা গোলও করেছেন এই স্ট্রাইকার। চারটি দল নিজেদের মধ্যে এই ম্যাচগুলো খেলবে আরও দুই দিন (৪ ও ৬ সেপ্টেম্বর)। বাছাই করা খেলোয়াড় নিয়ে জাতীয় দল এ মাসেই নেপালে দুটি প্রদর্শনী ম্যাচ খেলবে। কোচ সাইফুল বারী বিবেচনায় রেখেছেন এনামুলকে। এনামুল অবশ্য লম্বা চুল দিয়ে নিজেকে এখন চেনাতে পারছেন না, চুল কেটে অনেক ছোট করে ফেলেছেন। ভালো করেই ফিরতে হবে। কাল হাসতে হাসতে বললেন, ‘চুলটুল কেটে দেখি নতুন করে শুরু করা যায় কি না!’