জাতীয় দলে বড় পরিবর্তন আনছেন ইলিয়েভস্কি
এএফসি অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্ট যা-ই হোক, সাফ ফুটবল বাংলাদেশের কাছে ‘বিশ্বকাপের সমান’। কাজেই আগামী ১-১৫ ডিসেম্বর দিল্লিতে অনুষ্ঠেয় এই আঞ্চলিক টুর্নামেন্টের আগে বাংলাদেশের চাই ভালো প্রস্তুতি। কিন্তু সেই প্রস্তুতির খবর কী?ঢাকায় চলমান এএফসি অনূর্ধ্ব-১৯ ফুটবলে বাংলাদেশের শেষ ম্যাচ আগামী পরশু। সেটি শেষ হলে ‘ফ্রি’ হবেন কোচ নিকোলা ইলিয়েভস্কি। তারপর তিনি জাতীয় দল নিয়ে নামবেন। অথচ নেপালের মতো দেশও সাফকে সামনে রেখে এক মাসে চারটি দেশ সফরে বের হয়ে গেছে।বাংলাদেশ কী করবে নিজেরাই জানে না। জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান বাদল রায় পুরোপুরি অদৃষ্টবাদী, ‘মালয়েশিয়ায় যোগাযোগ করেছি। দেখি, স্পনসর পাওয়া গেলে সাফের আগে জাতীয় দলকে সেখানে পাঠানো যায় কিনা। তবে টাকা না পেলে সম্ভব নয়।’বাফুফের কর্তারা অন্য সব খাতে টাকা জোগাড় করতে পারেন, কিন্তু জাতীয় দলের বেলাতেই হয় বিপত্তি। এক কর্মকর্তা বলছিলেন, ‘আমাদের মধ্যে দলাদলি না থাকলে জাতীয় দলের জন্য টাকা আনা কোনো ব্যাপারই নয়। কিন্তু আমরা এক হতে পারছি না।’কোচ নিকোলা ইলিয়েভস্কি হতাশ হয়ে পড়ছেন। কাল বলছিলেন, ‘জানি না কী হবে। সাফ শুরুর ১০-১২ দিন আগে ভারতে যাওয়া হতে পারে। কলকাতা যাওয়া নিয়ে আলোচনা হচ্ছে। দেখা যাক কত দূর কী হয়!’কোচও সব ভাগ্যের হাতে না ছেড়ে উপায় দেখছেন না। তবে সাফ দলে তিনি চান তারুণ্য-প্রবাহ, ‘২৩ জনের সাফ দল দু-এক দিনের মধ্যে দেব। ১০-১১টি নতুন মুখকে সুযোগ দিতে চাই। অনূর্ধ্ব-১৯ দলের রায়হান, শাহেদ, ওয়াহেদ, অনূর্ধ্ব-২১ দলের লেফটব্যাক মুন্না, স্ট্রাইকার বিপ্লব, অনূর্ধ্ব-২২ দলের মানিক, ইমন বাবু, আলমগীর রানা, মোবারক প্রমুখ আমার পছন্দের মধ্যে আছে।’অনেকেরই এখনো শঙ্কা থাকলেও সাফ ঘোষিত সময়েই হচ্ছে। ২ নভেম্বর দিল্লিতে ড্র অনুষ্ঠান। তাতে থাকবেন বাফুফে এবং সাফ সভাপতি কাজী সালাউদ্দিন।