জাতীয় দলেও বার্সার ফ্যাব্রিগাস!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিয়াল-বার্সেলোনার আগুনে স্পেন জাতীয় দলের খেলোয়াড়দের বন্ধন হয়ে যাচ্ছে শিথিল—এ আলোচনার পিঠেই চিলির সঙ্গে প্রীতি ম্যাচটি খেলতে নেমেছিল ভিসেন্তে দেল বস্কের দল। ০-২ গোলে পিছিয়ে পড়ে সেই আলোচনাটায় আরও বাতাসই যেন লাগিয়েছিলেন স্পেন খেলোয়াড়েরা। তবে শেষ পর্যন্ত কোনো অঘটন ঘটেনি। বার্সেলোনার দুই প্লে-মেকার আন্দ্রেস ইনিয়েস্তা ও সেস ফ্যাব্রিগাসের কল্যাণে ৩-২ গোলে জিতে মাঠ ছেড়েছে বিশ্ব চ্যাম্পিয়নরা।অঘটন হয়নি, তবে প্রীতি ম্যাচে প্রীতি ছিল না মোটেই। শান্তির দেশ সুইজারল্যান্ডে হওয়া প্রীতি ম্যাচে শেষ দিকে হাতাহাতিও হয়েছে। ঝামেলার সূত্রপাত ম্যাচের অন্তিম মুহূর্তের একটি পেনাল্টি নিয়ে, যা থেকে জয়সূচক গোল করেছেন বার্সেলোনায় এসেই জ্বলে ওঠা ফ্যাব্রিগাস। আলভারো আরবেলোয়া পেনাল্টি বক্সের মধ্যে পড়ে গিয়েছিলেন। রেফারি ফাউলের বাঁশি বাজান, পেনাল্টি। চিলি প্রতিবাদ করে। এর জন্য লাল কার্ডও দেখতে হয় জর্জ ভালদিভিয়াকে। তবে লাল কার্ড দেখার আগেই চিলির কোচ তাঁকে তুলে নেন।ফ্যাব্রিগাসের পেনাল্টিটি অবশ্য ঠেকিয়ে দিয়েছিলেন চিলির গোলরক্ষক ক্লদিও ব্রাভো। ফিরতি বল পাঠিয়ে দেন ফ্যাব্রিগাস নিজেই। এর আগে স্পেনকে ম্যাচে ফেরার পথ তৈরি করে দেন বার্সার আরেক তারকা ইনিয়েস্তা। স্পেনকে অবাক করে মরিসিও ইসলা ও এডুয়ার্ডো ভারগাস ২০ মিনিটের মধ্যে ২-০-তে এগিয়ে দেন চিলিকে।কিন্তু ৯ মিনিট পরই একটি গোল ফিরিয়ে দেন বদলি নামা ইনিয়েস্তা। ফ্যাব্রিগাসের প্রথম গোলটির উৎসও তিনি। এই দুই গোলের ফাঁকে অবশ্য গোল বাড়িয়ে নেওয়ার সুযোগ পেয়েছে চিলি। কিন্তু ক্যাসিয়াসের দারুণ দুটি সেভ তা হতে দেয়নি।পেছন থেকে উঠে এসে ইউক্রেনের বিপক্ষে ৩-২ গোলে জিতেছে সদ্য কোপাজয়ী উরুগুয়ে। উরুগুয়ের গোল তিনটি করেছেন আলভেরো গঞ্জালেস, ডিয়েগো লুগানো ও আবেল হার্নান্দেজ। এদিকে ইয়ুর্গেন ক্লিন্সমানের যুক্তরাষ্ট্রকে ১-০ গোলে হারিয়ে দিয়েছে কোস্টারিকা। এএফপি।