জাতীয় দলেও সেই দ্রগবা
ইউরোপের জমজমাট প্রতিদ্বন্দ্বিতা ছেড়ে পাড়ি জমিয়েছেন চীনের অখ্যাত লিগে। স্বাভাবিকভাবেই গণমাধ্যমের আলোটা দিদিয়ের দ্রগবার ওপর আর সেভাবে পড়ছে না। তবে পাদপ্রদীপে না থাকলেও বল পায়ে ফুটবলার দ্রগবা আছেন দ্রগবার মতোই। মাঠে আলো ছড়ালেন পরশুও। না, ক্লাব ফুটবলে নয়, দ্রগবা জ্বলে উঠেছিলেন জাতীয় দলের জার্সি গায়ে। তাঁর দেশ আইভরিকোস্টও দু-দুবার পিছিয়ে পড়েও আফ্রিকান নেশনস কাপ বাছাইপর্বের শেষ রাউন্ডের প্রথম লেগে সেনেগালকে হারিয়েছে ৪-২ গোলে।দলকে জেতাতে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন দ্রগবা। ২-২ সমতা থাকার পর দলকে প্রথমবারের মতো এগিয়ে দেন দ্রগবা। পেনাল্টি থেকে করা গোলটি জাতীয় দলের হয়ে তাঁর ৫৭তম গোল। দ্রগবার সঙ্গে গোল পেয়েছেন তাঁর সাবেক চেলসি-সতীর্থ সলোমন কালুও। আইভরিকোস্টের বাকি গোল দুটি করেছেন আর্সেনালের গেরভিনহো ও ম্যাক্স গ্র্যাদেল। ২০১৩ আফ্রিকান নেশনস কাপের আসর বসছে দক্ষিণ আফ্রিকায়। নিজেদের মাঠে পাওয়া এই জয়ে দক্ষিণ আফ্রিকার টিকিটপ্রাপ্তির পথে এগিয়ে থাকল আইভরিকোস্ট। আগামী ১২ অক্টোবর ফিরতি লেগটি হবে ডাকারে।পরশু বাছাইপর্বের চূড়ান্ত রাউন্ডের প্রথম লেগে জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন জাম্বিয়া, ঘানা, মালি, সুদান এবং মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রও। তবে তিনবারের চ্যাম্পিয়ন ক্যামেরুন ২-০ গোলে হেরে গেছে কেপ ভার্দের কাছে। ফলে টানা দ্বিতীয়বারের মতো নেশনস কাপের চূড়ান্ত পর্বে উঠতে না পারার শঙ্কায় পড়ে গেছে স্যামুয়েল ইতোর দেশ। যদিও ম্যাচটি খেলেননি ইতো। বেতন-বোনাস নিয়ে অসন্তুষ্ট খেলোয়াড়দের নিয়ে ফেডারেশনের বিরুদ্ধে ধর্মঘটে নেতৃত্ব দিয়ে নিষিদ্ধ হয়েছিলেন। সেই নিষেধাজ্ঞা উঠে গেলেও টিম ম্যানেজমেন্টের বিরুদ্ধে প্রতিবাদের অংশ হিসেবেই খেলতে অস্বীকৃতি জানান ইতো।২০১২ নেশনস কাপের চূড়ান্ত পর্বে খেলতে না পারা নাইজেরিয়া ২-২ গোলে ড্র করেছে লাইবেরিয়ার সঙ্গে। তার পরও দক্ষিণ আফ্রিকার টিকিট পাওয়ার দৌড়ে নাইজেরিয়াই এগিয়ে। ফিরতি লেগটি যে তারা খেলবে নিজেদের মাঠে। জাতীয় দলের হয়ে এই বছরে ইমানুয়েল আদেবায়োরের প্রথম গোলের সুবাদে তাঁর দেশ টোগোও গ্যাবনের মাঠে গ্যাবনের সঙ্গে ড্র করেছে ১-১ গোলে। এএফপি।