জাতীয় দলেও সেই মেসি
এক নজরেআর্জেন্টিনা ৪: ০ ইকুয়েডরউরুগুয়ে ১: ১ ভেনেজুয়েলাবলিভিয়া ০: ২ চিলি‘লিও, লিও!’ ‘মেসি, মেসি!’ রিভার প্লেট স্টেডিয়ামে অভূতপূর্ব দৃশ্য। লিওনেল মেসির নামে স্লোগান! সেই শৈশবেই দেশ ছেড়েছেন। বড় হওয়া, বেড়ে ওঠা—সবই স্পেনে। ফুটবল পায়ে যা কারুকাজ-জাদু সবই যেন বার্সেলোনার। নিজ দেশে মেসি ততটা জনপ্রিয়তা অর্জন করতে পারেননি। এই না পারার দায় তাঁর নিজেরও। এমনিতেই বোকা জুনিয়র্স বা রিভার প্লেটের হয়ে না খেললেও আর্জেন্টাইনদের মন জেতা বড় কঠিন। সেই মেসির নামেই পরশু স্লোগান দিলেন মনুমেন্টালের দর্শক। মেসি-জাদুতে বিশ্বকাপ বাছাইপর্বে গোল-উৎসব করল আর্জেন্টিনা। ইকুয়েডরকে হারাল ৪-০ গোলে। ক্লাবের হয়ে এই মৌসুমে দুর্দান্ত ফর্মে থাকা সব ফরোয়ার্ডকেই মাঠে নামানোর কথা আগেই জানিয়েছিলেন আলেসান্দ্রো সাবেলা। আর্জেন্টিনা কোচের পরিকল্পনা দারুণভাবে খেটে গেল। গঞ্জালো হিগুয়েইন, সার্জিও আগুয়েরো, মেসি আর অ্যাঙ্গেল ডি মারিয়া—চার ফরোয়ার্ডই গোল পেয়েছেন। ১৯ থেকে ৩১—প্রথমার্ধের ১২ মিনিটের মধ্যেই ইকুয়েডরের জালে তিন গোল ঢুকিয়ে ম্যাচটা ওখানেই শেষ করে দিয়েছে আর্জেন্টিনা। উঠে এসেছে পয়েন্ট তালিকার শীর্ষে। বার্সার ফর্ম ইদানীং জাতীয় দলে বেশ ভালোই টেনে আনছেন মেসি। আর্জেন্টিনার জার্সি গায়ে সর্বশেষ তিন ম্যাচেই গোল করেছেন। একটিতে আবার হ্যাটট্রিকও আছে। আর্জেন্টিনার হয়ে আগের ৬৬ ম্যাচে মাত্র ১৮ গোল করা মেসি গত তিন ম্যাচে করেছেন ৫ গোল। এদিনও জাদু দেখালেন। চারটি গোলেই প্রত্যক্ষ আর পরোক্ষ অবদান আছে তাঁর। মেসিকে আটকাতে তিনজন খেলোয়াড়কে তাঁর গায়ের সঙ্গে লেপ্টে থাকার নির্দেশ দিয়েছিলেন ইকুয়েডরের কোচ রেইনালদো রুয়েদা। কিন্তু ড্রিবলিং আর গতি দিয়ে বারবার সবাইকে ছিটকে ফেলেছেন মেসি।প্রথম গোলটির কথাই ধরুন। তিন ডিফেন্ডারকে কাটিয়ে বক্সের প্রান্তে মেসি বল ঠেলেন ডি মারিয়ার কাছে। ডি মারিয়ার দুর্দান্ত চিপ খুঁজে নিয়েছে আগুয়েরোকে। ক্রস শটে বল জালে পাঠিয়ে নিজের ২৪তম জন্মদিনটা স্মরণীয় করেছেন আগুয়েরো। ২৯ মিনিটে মেসির কাছ থেকে বল নিয়ে নিখুঁত ফিনিশিংয়ে ২-০ করেছেন হিগুয়েইন। এক মিনিট পরেই সেন্টার হাফে বল পেয়ে ৩৫ গজের মতো একাই বল টেনে এনেছেন মেসি। তারপর হিগুয়েইনের সঙ্গে দেওয়া-নেওয়া করে জাতীয় দলের হয়ে ২৩তম গোলটি করেছেন মেসি। চতুর্থ গোলটি হয়েছে ৭৫ মিনিটে। এবারও মেসির জাদু। বক্সের ডান প্রান্ত থেকে এককভাবে দৌড়ে বল টেনে নিয়ে জোরালো শট নিয়েছেন। কিন্তু জায়রো ক্যাম্পসের গায়ে লেগে ফিরে আসে বল। ওটা হোসে সসা হয়ে ডি মারিয়ার কাছে আসতেই জোরালো ভলি, ৪-০!ওদিকে ৩৮ মিনিটে ডিয়েগো ফোরলানের গোলে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ড্র নিয়ে মাঠ ছেড়েছে উরুগুয়ে। ৮৪ মিনিটে হোসে র্যানডনের গোলে সমতা ফেরায় ভেনেজুয়েলা। আর সমুদ্রপৃষ্ঠ থেকে ৩ হাজার ৬৫০ মিটার উচ্চতায় লা পাজের মাঠে বড় বড় দলকে বধ করা বলিভিয়া পেরে উঠছে না চিলির সঙ্গে। এ নিয়ে লা পাজে টানা তৃতীয় জয় পেল চিলি। ওয়েবসাইট।