ক্লাব কোচ হিসেবে তাঁকে এর আগে দেখেছেন। এবার দেখা জাতীয় দলের কোচ হিসেবে। দুটির মধ্যে পার্থক্য তো আছেই। জাতীয় দলের সাফ প্রস্তুতির প্রথম দিনটা তাই অন্য রকমই লাগল ফুটবলারদের কাছে।
বিকেএসপিতে পৌঁছেই দুপুরে ফুটবলারদের নিয়ে রুদ্ধদ্বার সভা করেন নতুন কোচ মারুফুল হক। কোচ তাঁর দিক থেকে সর্বোচ্চ চেষ্টার প্রতিশ্রুতি দিয়েছেন। ফুটবলাররাও নিজেদের কাজটা সর্বোচ্চ আন্তরিকতায় করার অঙ্গীকার করেছেন।
খেলোয়াড়েরা সবাই তাঁর চেনা, এটি বড় এক সুবিধা। কাল প্রথম অনুশীলন সেশনের আগে খেলোয়াড়দের কাছে মারুফ এই বার্তাটাই দিয়েছেন—শৃঙ্খলা থাকতে হবে সর্বোচ্চ। কঠোর পরিশ্রম আর একটা পরিবারের মতো থাকা তো আছেই।
কোচের সব চাওয়াই পূরণ করতে চান ফুটবলাররা। অধিনায়ক মামুনুল ইসলাম যেমন বললেন, ‘আমি নিজেই কোচকে বলেছি, সবার আগে মাঠে যাব। সবকিছু একতাবদ্ধভাবে করব। জীবনে সবচেয়ে বড় ত্যাগ স্বীকার করতে হবে এই ২১ দিন।’ সেটা কেমন, দিলেন সেই রূপরেখাও, ‘পারিপার্শ্বিক সবকিছু ভুলে যাব। পারিবারিক দিকগুলো মাথায় নেব না। শুধু ফুটবলই আমাদের মাথায় থাকবে।’ ফুটবলারদের কণ্ঠে আগে কখনো এমন অঙ্গীকার শোনা যায়নি। সাফ জয়ের তাড়না তো আছেই। কোচ হিসেবে মারুফকে পাওয়াও একটা কারণ।
ক্লাবের মারুফ আর জাতীয় দলের কোচ মারুফকে ভিন্নভাবেই আবিষ্কার করছেন মামুনুল। কদিন আগেও ফেসবুক নিয়ে ব্যস্ত থেকে রাত জাগতেন অনেক ফুটবলার, পরদিন ম্যাচ থাকলেও তাঁরা ভোররাত পর্যন্ত না ঘুমিয়ে ক্ষতি করতেন নিজেদেরই। এখন থেকে রাত ১১টার মধ্যেই ঘুমিয়ে পড়ার নির্দেশ দিয়েছেন মারুফ।
দলে ফিরে আসা জাহিদ ‘পছন্দের কোচ’ পেয়ে খুবই খুশি। নিজেকে ঢেলে দিতে চান সাফে। ক্লাবে দেখা মারুফের সঙ্গে জাতীয় দলের মারুফের পার্থক্যটা টানলেন এভাবে, ‘ক্লাবে এত নিয়ম-কানুন দেখিনি। জাতীয় দল তো সবকিছুর ওপরে। তাই এখানে সবাই অনেক সিরিয়াস। সবাই কোচকে সহায়তা করার অঙ্গীকার করেছে।’
ফুটবলারদের কাছে ২১ দিন নয়, মনে হচ্ছে সাফের বাকি আর মাত্র ২১ ঘণ্টা। তাই প্রতিটি মিনিট কাজে লাগিয়ে ১২ বছর পর সাফ ঘরে আনার নতুন আশাই যেন জাগিয়ে দিলেন ফুটবলাররা। ২৮ খেলোয়াড়ের মধ্যে পারিবারিক সমস্যায় এমিলি ও ইয়াসিন কাল ক্যাম্পে যোগ দেননি, দেবেন আজ।