জাতীয় দলের প্রস্তুতি নিয়ে নতুন ভাবনা
সব ঠিকঠাক থাকলে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ শেষ হয়ে যাবে কাল। এর পর থেকে আগামী ২৭ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশের ক্রিকেটারদের অলস সময়। না ঘরোয়া, না আন্তর্জাতিক কোনো ধরনের খেলাই নেই প্রায় দুই মাস। ২৭ জানুয়ারি থেকে শুরু শ্রীলঙ্কা সিরিজের প্রস্তুতিটা তাহলে কীভাবে হবে?
শ্রীলঙ্কা সিরিজই শুধু নয়, এর পরপরই এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগের সময়টা এ রকম ফাঁকা না রেখে ক্রিকেটারদের খেলার মধ্যে রাখার চিন্তা আরও আগে থেকেই করছে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগ। সেটারই অংশ হিসেবে বিসিএলের ফ্র্যাঞ্চাইজিগুলোকে প্রস্তাব দেওয়া হয়েছিল মাঝের সময়টাতে টুর্নামেন্টটা খেলে নিতে। কিন্তু বিসিবির টুর্নামেন্ট কমিটি ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছ থেকে এ প্রস্তাবে যথেষ্ট সাড়া পায়নি। প্রিমিয়ার লিগের শীর্ষ ছয় দলকে নিয়ে টি-টোয়েন্টি আসর, জাতীয় দল ও এর আশপাশের খেলোয়াড়দের চার ভাগে ভাগ করে নিজেদের মধ্যে টুর্নামেন্ট খেলা—এ রকম বিভিন্ন চিন্তাও উঁকি দিয়ে গেছে সাম্প্রতিক সময়ে। নানা কারণে এর কোনোটাকেই গ্রহণযোগ্য মনে করেনি ক্রিকেট পরিচালনা বিভাগ। বিকল্প হিসেবে ডিসেম্বরে জিম্বাবুয়ে দলকে এনে একটা সিরিজ খেলার আলোচনাও শোনা গিয়েছিল। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সেটাকেও মনে করা হচ্ছে ঝুঁকিপূর্ণ।
এ অবস্থায় কাল সন্ধ্যায় নতুন কিছু চিন্তা নিয়ে জাতীয় দলের কোচ শেন জার্গেনসেন ও ক্রিকেট পরিচালনা বিভাগের ব্যবস্থাপক সাব্বির খান আলোচনায় বসেছিলেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান এনায়েত হোসেনের সঙ্গে। জাতীয় দলের সঙ্গে ‘এ’ দলের তিন ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলানোর সিদ্ধান্ত হয়েছে সেখানে। প্রিমিয়ার লিগ শেষে কয়েক দিনের বিশ্রাম দিয়ে ডিসেম্বরের প্রথম সপ্তাহেই ‘চ্যালেঞ্জ সিরিজ’ নামে মাঠে গড়াবে এ রকম কিছু।
শ্রীলঙ্কা সিরিজের আগে খেলোয়াড়দের দীর্ঘ পরিসরের ম্যাচ খেলার প্রয়োজনীয়তা অনুভব করে ডিসেম্বরের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহ থেকে জাতীয় লিগ আয়োজনেরও প্রস্তাব দেবে ক্রিকেট পরিচালনা বিভাগ। ‘টুর্নামেন্ট কমিটির দায়িত্বপ্রাপ্ত বোর্ড পরিচালক নাঈমুর রহমানের সঙ্গে আলোচনা করেই এ রকম একটা প্রস্তাব দিচ্ছি আমরা’—বলেছেন ক্রিকেট পরিচালনা প্রধান এনায়েত হোসেন। সেটা হলে জাতীয় লিগের প্রথম দিকের তিন-চারটা ম্যাচ খেলার সুযোগ পেতে পারে জাতীয় দলের খেলোয়াড়েরা।
জাতীয় দলের কিছু খেলোয়াড়ের টি-টোয়েন্টি অনুশীলন অবশ্য হয়ে যাচ্ছে চট্টগ্রামেই। ২৫ নভেম্বর বন্দরনগরে শুরু হওয়া আট দলের করপোরেট টি-টোয়েন্টি টুর্নামেন্টটি চলবে আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত। জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটার খেলছেন সেখানে। এফএমসি ফাইটারের হয়ে আজ খেলবেন সাকিব আল হাসানও। গত মাসের শেষ দিকে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার পর এই প্রথম মাঠে নামছেন তিনি।