হকি টার্ফে পানি নেই! জাতীয় ক্রীড়া পরিষদ পানি সরবরাহ করতে পারছে না। তবে আগামী পরশু সিঙ্গাপুরগামী জাতীয় হকি দল ফেডারেশনের সভাপতি বিমানবাহিনীর প্রধান এয়ার মার্শাল মোহাম্মদ ইনামুল বারীর উদ্যোগে অর্ধেক মাঠ ভিজিয়ে তাতেই অনুশীলন করছে। বিমানবাহিনীর গাড়ি জরুরি ভিত্তিতে পানি দিচ্ছে ১৫ দিন ধরে। একজন কর্মকর্তা জানালেন, প্রতিদিন ১০ হাজার গ্যালন পানি দেয় বিমানবাহিনী। মওলানা ভাসানী স্টেডিয়ামে পানি দেওয়ার মোটর স্থানান্তর করার কাজ চলতে থাকায় এই বিকল্প।হকি ফেডারেশন জানিয়েছে, জাতীয় ক্রীড়া পরিষদে বারবার চিঠি দেওয়া হলেও পানি বিতরণব্যবস্থার সংস্কারে কচ্ছপ গতি। ক্রীড়া পরিষদে দেওয়া চিঠি নাকি সেখান থেকে হারিয়ে যায়! ফেডারেশনের সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহর কথা, ‘হকি স্টেডিয়ামে ক্রীড়া পরিষদের দুটি মোটরের প্রথমে একটার সংস্কার করতে বলেছিলাম। কিন্তু সময় বেশি লাগবে বলে ক্রীড়া পরিষদ দুটিই একসঙ্গে স্থানান্তর করার কাজ চালানোয় সমস্যা হয়েছে।’ অথচ এই প্রথম বিশ্ব হকি লিগে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। আগামী ৩১ আগস্ট, ১ ও ২ সেপ্টেম্বর বাংলাদেশ তিনটি ম্যাচ খেলবে হংকং, সিঙ্গাপুর ও থাইল্যান্ডের সঙ্গে। বাংলাদেশ দলের লক্ষ্য চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে খেলা। এশিয়া ও আফ্রিকার দুটি করে দল খেলবে ওই পর্বে। কাল বিকেলে মওলানা ভাসানী স্টেডিয়ামে জাতীয় দল বিকেএসপির সঙ্গে অনুশীলন ম্যাচ খেলছিল। বিরতির সময় বিমানবাহিনীর অগ্নি নির্বাপক পানির গাড়ি থেকে মাঠে পানি দেওয়া হলো। গাড়িতে করে এত পানি দেওয়া সম্ভব নয় বলে বিমানবাহিনী অস্থায়ী একটা মোটরও বসিয়েছে। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে প্রথম বিভাগ লিগ। সংস্কার শেষ না হলে ঘোষিত সময়ে তা শুরু হবে কি না সংশয় আছে। এ ব্যাপারে জানতে জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) আবদুর রহমানের মুঠোফোনে যোগাযোগ করা হয়, কিন্তু তিনি ফোন ধরেননি। ওদিকে জাতীয় দলের খেলোয়াড়েরা ‘পানি-সংকট’ নিয়ে হতাশ। জাতীয় দলের সদস্য সাবেক অধিনায়ক শহিদুল্লাহ টিটু বললেন, ‘এমন দুর্ভোগ হলে ভালো কিছু কীভাবে আশা করবেন?’