জাতীয় দলের সঙ্গে ওঁরা ৬ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিন শেষে বাংলাদেশ দলের কুল ডাউনে সোহরাওয়ার্দীকে দেখে একটু অবাকই হতে হলো। আগের দিন সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে নাঈম ইসলামের দলভুক্তির কথা জানিয়েছিল বিসিবি। কিন্তু সোহরাওয়ার্দী কেন? খোঁজ নিয়ে জানা গেছে শুধু নাঈম বা সোহরাওয়ার্দীই নন, মাশরাফি বিন মুর্তজা, আফতাব আহমেদ, আবদুর রাজ্জাক আর নাজমুল হোসেনকেও ভারতের বিপক্ষে শেষ টেস্টের দলের সঙ্গে সকাল-বিকেলের অনুশীলনে যোগ দিতে বলেছে নির্বাচক কমিটি।টিম হোটেলে না উঠলেও মাশরাফি ছাড়া বাকি সবাই কাল যোগ দিয়েছেন জাতীয় দলের অনুশীলনে। আফতাব, রাজ্জাক ও নাজমুল পুরো সময় থাকেননি, তবে সারা দিনই দলের সঙ্গে ছিলেন নাঈম আর সোহরাওয়ার্দী। তাঁরা মূলত এই সিরিজের দলে থাকা মাহবুবুল আলম আর শাহরিয়ার নাফীসের বিকল্প হিসেবেই আছেন। আজ থেকে শুরু জাতীয় লিগের তৃতীয় রাউন্ডের ম্যাচ খেলতে শাহরিয়ার ও মাহবুবুলকে দল থেকে ছেড়ে দেওয়া হয়েছে, জানিয়ে দেওয়া হয়েছে তাঁদের কেউই নিউজিল্যান্ড সফরের দলে নেই। অন্যদিকে মাশরাফি, আফতাব, রাজ্জাক, নাঈম, নাজমুল ও শুভকে জাতীয় লিগের এই রাউন্ডে রাখা হয়েছে যাঁর যাঁর দলের বাইরে। কারণটা পরিষ্কার—নিউজিল্যান্ড সফরের দলের জন্য বিবেচনায় আছেন এই ছয় ক্রিকেটার।নির্বাচক কমিটি সূত্রে জানা গেছে, শাহরিয়ার-মাহবুবুল বাদে চলতি টেস্ট সিরিজের বাকি ১২ ক্রিকেটার আর এই ছয়জনের মধ্য থেকেই নিউজিল্যান্ড সফরের ১৫ সদস্যের দল হওয়ার সম্ভাবনা। তবে খুব জরুরি হলে জাতীয় লিগ খেলতে থাকা কোনো ক্রিকেটারকেও নাকি উঠিয়ে আনতে পারেন তাঁরা। নিউজিল্যান্ডে টি-টোয়েন্টি, ওয়ানডে বা টেস্টের জন্য আলাদা কোনো স্কোয়াড হবে না। এই ১৫ জন থেকেই নামানো হবে প্রতি ম্যাচের একাদশ। তবে একটা বিষয় নিশ্চিত, নিউজিল্যান্ডে টি-টোয়েন্টি ও ওয়ানডে খেলার সম্ভাবনা থাকলেও টেস্ট খেলবেন না মাশরাফি।