জাতীয় দলের স্বার্থেই বিদেশি ফুটবলার নিয়ন্ত্রণ প্রয়োজন: বাদল রায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় ফুটবল দলের মানোন্নয়নে ফুটবলারদের স্থায়ী বেতন কাঠামো আর নিবিড় প্রশিক্ষণের পরিকল্পনা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। প্রথম আলো অনলাইনের সঙ্গে আজ বুধবার এক আলাপচারিতায় এ কথা জানিয়েছেন জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান, বাফুফের সহসভাপতি ও সাবেক তারকা ফুটবলার বাদল রায়। তিনি আরও জানিয়েছেন, জাতীয় দলের বিভিন্ন পজিশনে মানসম্মত ফুটবলার তৈরি করার লক্ষ্যে ঘরোয়া ফুটবলে বিদেশি ফুটবলার নিয়ন্ত্রণ করারও পরিকল্পনা করছে বাফুফে।বাদল রায়ের মতে, ‘গত ১০ বছর ধরে বাংলাদেশ কোনো ভালো মানের স্ট্রাউকার ছাড়াই আন্তর্জাতিক ফুটবলে অংশ নিচ্ছে। আমাদের আসলাম কিংবা নকিবের মানের কোনো স্ট্রাউকার নেই। সাব্বির কিংবা রুমির পর দলে কোনো প্লে-মেকারের আবির্ভাব হয়নি। এর মূল কারণ ঘরোয়া ফুটবলে ক্লাবগুলোয় স্ট্রাইকিং পজিশন ও মিডফিল্ডের মতো গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে সবসময়ই বিদেশি ফুটবলার খেলে থাকে। আর এই বিদেশিরাও এমন কোনো মানের নয়, যাদের কাছ থেকে আমাদের ফুটবলাররা কিছু শিখতে পারে।’বাদল রায় বলেন, ‘সময় এসেছে ঘরোয়া ফুটবলে বিদেশি ফুটবলারদের সংখ্যা কমিয়ে নিয়ে আসা অথবা তাদের নিষিদ্ধ করার ব্যাপারে সিদ্ধান্তে আসার।’বাদল রায় আরও বলেন, ‘আমাদের দেশে দারুণ খেলোয়াড়-সংকট রয়েছে। আমাদের জাতীয় দলের পাইপলাইনটা মূলত ঢাকাকেন্দ্রিক। বাংলাদেশ লিগের বিভিন্ন ক্লাব থেকেই মূলত জাতীয় দলের খেলোয়াড়দের জোগানটা আসে। আমরা চাই দেশের বিভিন্ন লিগ থেকে জাতীয় দলের জন্য খেলোয়াড় উঠে আসুক। সে ব্যাপারে আমরা কাজ করে যাচ্ছি।’দুদিন আগে বর্তমান ফুটবলারদের নিয়ে একটি আলোচনায় বসেছিল বাফুফে। সেই আলোচনার মাধ্যমে দেশের শীর্ষ ক্লাবগুলোতে খেলা খেলোয়াড়দের কাছে কিছু বক্তব্য পৌঁছে দেওয়া হয়েছে বলে জানান বাদল রায়। তিনি বলেন, আমরা খেলোয়াড়দের বলেছি, ফুটবলকে জনপ্রিয়তার শিখরে তুলে নিয়ে যাওয়ার ব্যাপারে মূল দায়িত্ব পালন করতে হবে খেলোয়াড়দেরই। তিনি বলেন, একজন খেলোয়াড় নিজের ফুটবলশৈলী দিয়েই স্টেডিয়ামে দর্শক টেনে নিয়ে আসতে পারে। যেমনটা করতেন, নান্নু ভাই, সালাউদ্দিন ভাই, আসলাম, সাব্বির, কায়সার হামিদ, রুমি, মোনেম মুন্নারা। এমনকি জুয়েল রানা, নকিব, মাসুদ রানা কিংবা মামুন জোয়ার্দারদের খেলা দেখার জন্যও নব্বইয়ের দশকে মাঠে দর্শকের ঢল নামত। বাদল রায় বলেন, সালাউদ্দিন ভাই খেলোয়াড়দের বলেছেন, আগে নিজেদের প্রতি যত্নশীল হতে হবে। ক্লাব ট্রেনিংয়ের পাশাপাশি নিজে নিজে নিবিড় অনুশীলন চালাতে হবে। নিজেদের ফিটনেস নিয়ে ভাবতে হবে। তাতেই সাফল্য আসবে।বাদল রায় জানিয়েছেন, আগামী সেপ্টেম্বরে পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের প্রাথমিক রাউন্ডে খেলবে বাংলাদেশ। এর পরপরই ক্রোয়াট কোচ রুবচিচের হাতে অন্তত দুটি বয়সভিত্তিক দলের দায়িত্ব দিয়ে দেওয়া হবে। আমরা রুবচিচকে সর্বোত্তমরূপে ব্যবহার করতে চাই।তিনি বলেন, ‘ক্রিকেটের মতো ফুটবলেও জাতীয় দলের খেলোয়াড়েরা যেন অনুশীলনে সর্বোচ্চ সুবিধা পায়, সে ব্যাপারে আমরা পদক্ষেপ নিচ্ছি। আমরা অচিরেই ২৫-৩০ জন শীর্ষ খেলোয়াড়কে নিয়ে একটি পুল গঠন করে তাঁদের বিভিন্ন ক্যাটাগরিতে বেতনের ব্যবস্থা করব। তারা ক্লাব ট্রেনিংয়ের পাশাপাশি জাতীয় দলের জন্য সংরক্ষিত অনুশীলন ব্যবস্থার সুবিধাও নিয়মিত নিতে পারবেন।’