জাতীয় নির্বাচনের আগে বঙ্গবন্ধু কাপ নয়
অনেক কাঠখড় পুড়িয়ে এ বছর বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগ নিয়েছিল বাফুফে। সেপ্টেম্বর-অক্টোবরে প্রস্তাবিত আট দেশের এই টুর্নামেন্ট খেলতে সম্মতি মিলেছিল কাতার, কুয়েত, বাহরাইনের মতো দেশগুলোর। কুয়েতের সরকারি প্রতিষ্ঠান কুয়েত পেট্রোলিয়াম থেকে পাওয়া গিয়েছিল মোটা অঙ্কের আর্থিক পৃষ্ঠপোষণার প্রতিশ্রুতি। কিন্তু বিধি বাম। দেশের বর্তমান অস্থির রাজনৈতিক অবস্থা বঙ্গবন্ধু কাপ আয়োজনের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে।
ঘোষিত সময়ে টুর্নামেন্টটা না করে বাফুফে দেখতে চেয়েছিল দেশের রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে গড়ায়। তাই সেপ্টেম্বর-অক্টোবরে না করে নভেম্বরের দিকে তাকিয়েছিলেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন। কিন্তু যেভাবে হরতাল শুরু হয়েছে, তাতে নির্বাচন পর্যন্ত এই অবস্থা চলবে বলেই
মনে হচ্ছে। কাজেই এই সময়ে বিদেশি দল এনে এই টুর্নামেন্ট আয়োজন অসম্ভব মনে করছেন সালাউদ্দিন।
এত দিন ‘দেখি’, ‘দেখছি’, ‘কী করা যায় ভাবছি’ ইত্যাদি বললেও কাল সালাউদ্দিন বঙ্গবন্ধু কাপ নিয়ে স্পষ্ট কথাই বললেন, ‘জাতীয় নির্বাচনের আগে মনে হয় না বিদেশি দল এনে টুর্নামেন্ট করতে পারব। এটা সম্ভবই নয়। সময়ও নেই। দেশের যা অবস্থা, তাতে এখন স্পনসর হিসেবেও কেউ সাড়া দিতে চাইছে না।’
বাফুফের জন্য বঙ্গবন্ধু কাপ এখন যেন এক স্বপ্নের নাম। এক যুগের বেশি সময় ধরে নিজস্ব আয়োজনে বাফুফে কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট করতে পারছে না। বাফুফের সভাপতি হিসেবে সালাউদ্দিন তাঁর গত মেয়াদেও তা পারেননি। এবার আটঘাট বেঁধেও আপাতত থমকে যেতে হচ্ছে।
সালাউদ্দিন বলছিলেন, ‘দেশের অবস্থা স্থিতিশীল হোক। তারপর বঙ্গবন্ধু কাপ করব। আর এখন তো ঘরোয়া খেলাও শুরু হয়ে যাচ্ছে। তাই সদিচ্ছা থাকলেও বঙ্গবন্ধু কাপ নিয়ে এগোতে পারছি না।’