জাতীয় ফুটবল দলের কোচ রুবচিচ আসছেন ৮ সেপ্টেম্বর
জাতীয় ফুটবল দলের নতুন ক্রোয়েশীয় কোচ রবার্ট রুবচিচ ৮ সেপ্টেম্বর ঢাকায় পৌঁছবেন। ইতিমধ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সঙ্গে অনলাইনে চুক্তি স্বাক্ষর এবং বাংলাদেশের প্রস্তাবে রাজি হওয়ায় তাড়াতাড়িই চলে আসছেন এই কোচ। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) মিডিয়া ম্যানেজার আহমেদ সাঈদ আল ফাতাহ বিষয়টি নিশ্চিত করেছেন।সময়ের আগেই তাঁর আসার কারণ সম্পর্কে বাংলাদেশ জাতীয় দল ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান বাদল রায় জানান, ‘আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত স্থানীয় কোচদের তত্ত্বাবধানে অনুশীলন করলেও ফুটবলারদের সেই অনুশীলন দেখবেন নতুন কোচ রুবচিচ। ফলে বাংলাদেশের ফুটবল সম্পর্কে একটি ধারণা হয়ে যাবে তাঁর। তাই নির্দিষ্ট সময়ের আগেই আনা হচ্ছে রবার্ট রুবচিচকে।’এক বছরের চুক্তি বাবদ তাঁকে দেওয়া হবে ৫০ হাজার ডলার। রবার্ট রুবচিচের প্রথম অ্যাসাইনমেন্ট হবে আসন্ন ১৬তম এশিয়ান গেমস। বর্তমানে অনুশীলনরত ৩১ জন ফুটবলার থেকেই দল চূড়ান্ত করা হবে। তাঁর সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন সাইফুল বারী টিটু। বাসস