জাতীয় বাস্কেটবলের ফাইনাল পণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেফারির সিদ্ধান্তকে ঘিরে পণ্ড হয়ে গেছে ২৭তম জাতীয় বাস্কেটবলের ফাইনাল।

কাল রাজশাহী মহিলা ক্রীড়া কমপ্লেক্সের জিমনেসিয়ামে চলছিল সেনাবাহিনী ও নৌবাহিনীর ফাইনাল। ম্যাচের তৃতীয় কোয়ার্টারে সেনাবাহিনীর বিপক্ষে একটি ফাউল দেন রেফারি। এ সিদ্ধান্তের প্রতিবাদে খেলা ঘণ্টা খানেক বন্ধ রাখে সেনাবাহিনী। রেফারি বদলানোর দাবিতে মাঠ ছেড়ে যায় দলটি। এ সময় ৪০-৩৪ পয়েন্টে এগিয়ে ছিল নৌবাহিনী। পরে সেনাবাহিনী খেলতে রাজি হলেও নৌবাহিনী আর কোর্টেই নামেনি।

জাতীয় বাস্কেটবলে এবার রেফারিং নিয়ে বিতর্ক হয়েছে আগেও। গত মঙ্গলবার কোয়ার্টার ফাইনালে রাজশাহী জেলা ও পুলিশ দলের ম্যাচে ফাউলকে কেন্দ্র করে খেলোয়াড়দের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। ওই দিনও খেলা কিছু সময় বন্ধ ছিল। ম্যাচের বাইলজের কিছুই নাকি মানা হচ্ছে না। নৌবাহিনীর নাম প্রকাশে অনিচ্ছুক এক খেলোয়াড় বললেন, ‘খুবই নিম্নমানের রেফারি দিয়ে খেলা চালানো হচ্ছে। এমনও একজন আছেন যিনি চোখেই দেখতে পান না। কীভাবে বাঁশি বাজাবেন? অথচ ফিবার (আন্তর্জাতিক বাস্কেটবল ফেডারেশন) তালিকাভুক্ত রেফারিকে বেঞ্চে বসিয়ে রাখে ফেডারেশন।’ এসব বিষয়ে জানতে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে ফেডারেশনের সাধারণ সম্পাদক এ কে সরকারের ফোন বন্ধ পাওয়া গেছে।