জাতীয় মহিলা হ্যান্ডবল শুরু কাল থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত তিন বছর কোনো খেলাধুলায় অংশ নিতে পারেনি দলটি। গত মাসের শেষে সাইক্লিং দিয়ে আবার তাদের খেলায় ফেরা। আগামীকাল শুরু হতে যাওয়া এক্সিম ব্যাংক জাতীয় মহিলা হ্যান্ডবলেও অংশ নিচ্ছে বাংলাদেশ পাটকল করপোরেশন (বিজেএমসি)। চ্যাম্পিয়ন বাংলাদেশ আনসার ও রানার্সআপ ফরিদপুরসহ রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে অনুষ্ঠেয় প্রতিযোগিতায় আটটি গ্রুপে অংশ নিচ্ছে ২৪টি দল। আট গ্রুপের চ্যাম্পিয়ন দলগুলো খেলবে কোয়ার্টার ফাইনালে। ১৫ ডিসেম্বরের ফাইনাল ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা। খেলাগুলো হবে পল্টন হ্যান্ডবল স্টেডিয়াম ও মিরপুর শহীদ সোহরাওয়ার্দী স্টেডিয়ামে।এক্সিম ব্যাংকের পৃষ্ঠপোষণায় অনুষ্ঠেয় টুর্নামেন্টের কো-স্পনসর ডেলটা লাইফ ইনসুরেন্স কোম্পানি, বেক্সি ফেব্রিক্স ও এটিএন বাংলা। কাল সংবাদ সম্মেলনে তথ্যগুলো জানান ফেডারেশনের সভাপতি এ কে এম নুরুল ফজল (বুলবুল)। উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনূর, সিনিয়র সহসভাপতি কাজী মাহতাবউদ্দিন আহমেদ, এটিএন বাংলার নওয়াজিশ আলী খান, ডেলটা লাইফের মহিবুর রহমান প্রমুখ।