জাতীয় মহিলা হ্যান্ডবলে বিজেএমসি সেরা
হ্যান্ডবলে সর্বশেষ কবে এমন স্নায়ুক্ষয়ী উত্তেজনার ফাইনাল হয়েছে, সেটা মনে করতে পারছিলেন না বাংলাদেশ আনসারের বর্ষীয়ান কর্মকর্তা এস এম আলম। স্মৃতি হাতড়ে বললেন, ‘২০০৩ সালের দিকে একবার হয়তো হতে পারে এমন ম্যাচ।’ আসলেই পল্টন হ্যান্ডবল স্টেডিয়ামে কালকের এক্সিম ব্যাংক জাতীয় মহিলা হ্যান্ডবল ছিল টান টান উত্তেজনায় ভরা। খেলা শেষের দুই মিনিট আগেও বোঝা যাচ্ছিল না, কাদের হাতে উঠছে শিরোপা। শেষ পর্যন্ত বিজেএমসির শ্রেষ্ঠত্বই প্রমাণিত হলো। টানা তিনবারের চ্যাম্পিয়ন আনসারকে হারিয়েছে ২২-১৯ গোলে। ১৯৮৩ সালে শুরু হওয়া জাতীয় মহিলা হ্যান্ডবলে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছিল ঢাকা মহানগর। এর পর থেকে বাংলাদেশ আনসারের একচ্ছত্র আধিপত্য। ২১ বারের মধ্যে ১৫ বারই চ্যাম্পিয়ন হয়েছে সার্ভিসেস দলটি। মাঝখানে চারবার চ্যাম্পিয়ন হয় বিজেএমসি। সেই বিজেএমসিই গত কয়েক বছর খেলাধুলা থেকে মুখ ফিরিয়ে নিলে আবারও স্বরূপে ফেরে আনসার। কিন্তু এবার আর পারল না। গ্যালারি ও স্টেডিয়ামের বাইরের ভাসমান হাজারখানেক দর্শকও ভালোই বিনোদিত হয়েছে খেলা দেখে। প্রথমার্ধে অবশ্য ৯-৮ গোলে এগিয়ে ছিল আনসারই। কিন্তু দ্বিতীয়ার্ধে বেশ কিছু পেনাল্টি মিস করে আনসার, গোলকিপারের ভুলেও গোল খেয়েছে তারা। খেলা শেষে চ্যাম্পিয়ন বিজেএমসির কোচ নাসিরউল্লাহকে কাঁধে তুলে নাচতে শুরু করেন খেলোয়াড়েরা। উচ্ছ্বসিত কোচ জানালেন, ‘মাত্র ২০-২৫ দিন অনুশীলন করেছি। এই অল্প সময়ের অনুশীলনের পর চ্যাম্পিয়ন হতে পেরে খুবই ভালো লাগছে। তবে শেষ দিকে এসে খুব নার্ভাস লাগছিল। শেষ পর্যন্ত মেয়েরা পেরেছে।’ হারের জন্য পর্যাপ্ত অনুশীলনের অভাবকেই দুষেছেন আনসারের খেলোয়াড় মালেকা, ‘আমাদের অনুশীলন একেবারেই কম হয়েছে। তা ছাড়া খেলার শেষ দিকে এসে আমরা খেই হারিয়ে ফেলেছিলাম। অনেকগুলো ভুল করেছি।’টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন বিজেএমসির ডালিয়া আক্তার, উদীয়মান খেলোয়াড় নওগাঁ জেলার নাজিবা শোভা। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী শফিক আহমেদ।