জাতীয় লিগ শুরু ১৭ অক্টোবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভাগীয় দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে জাতীয় লিগ নিয়ে কাল সভায় বসেছিল বিসিবির টুর্নামেন্ট কমিটি। রংপুর ও ঢাকা মহানগরসহ আট দল নিয়ে নিরপেক্ষ ভেন্যুতে অবশেষে ১৭ অক্টোবর লিগ শুরুর সিদ্ধান্ত হয়েছে। জাতীয় লিগ এবারও হবে আগের ফরম্যাটেই—প্রথমে আট দলকে নিয়ে লিগ পদ্ধতিতে খেলা, এরপর শীর্ষ চার দলও খেলবে লিগ পদ্ধতিতে। সবার শেষে শীর্ষ দুই দলের মধ্যে ফাইনাল।ফরম্যাট আগের মতো থাকলেও বেশ কিছু নতুনত্ব দেখা যাবে এবারের জাতীয় লিগে। প্রতিদ্বন্দ্বিতা বাড়াতে প্রথম শ্রেণীর ক্রিকেটের এই আসরে বিদেশি খেলোয়াড়ের দরজা উন্মুক্ত। প্রতিটি দল প্রতি ম্যাচে একজন করে বিদেশি খেলোয়াড় খেলাতে পারবে, নিবন্ধন সর্বোচ্চ তিনজন। স্পনসরের মাধ্যমে বিদেশি খেলোয়াড়ের খরচ বহন করবে বিভাগীয় ক্রীড়া সংস্থাগুলোই।এ ছাড়া জাতীয় দল ও ‘এ’ দলের খেলোয়াড়দের মধ্য থেকে ৩২ জন আইকন খেলোয়াড়ের তালিকা দেবেন জাতীয় নির্বাচকেরা। প্রতি দলে সর্বোচ্চ ৪ জন করে আইকন খেলোয়াড় থাকবেন। জাতীয় নির্বাচকেরা নির্বাচন করবেন ঢাকা বিভাগ ও ঢাকা মহানগর দলও। অন্যান্য বিভাগীয় দল নির্বাচন করবেন নিজ নিজ দলের কোচ।বিভাগীয় ক্রীড়া সংস্থাগুলোকে যার যার দলের জন্য একটি করে উপদেষ্টা কমিটি গঠনের নির্দেশনা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে সভায়। বিভাগীয় কমিশনারকে প্রধান করে এই কমিটি হবে সর্বোচ্চ সাত সদস্যের। নতুনত্বের জাতীয় লিগে খেলোয়াড়দের ম্যাচ ফি, দৈনিক ভাতা এবং প্রাইজমানিও বাড়তে পারে। আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা না থাকলে বিসিবির চুক্তিবদ্ধ ক্রিকেটাররা জাতীয় লিগে খেলতে বাধ্য থাকবেন। এমন একটা সিদ্ধান্ত হয়েছে টুর্নামেন্ট কমিটির কালকের সভায়।