জাতীয় লিগে একটা ম্যাচ খেলুক ওরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরশু টিভিতে এক কিশোর ক্রিকেটারের মন্তব্য শুনছিলাম। দক্ষিণ আফ্রিকার কাছে হেরে যাওয়ার হতাশায় আচ্ছন্ন ওই কিশোর বলছিল, ‘এই বিশ্বকাপে ভালো কিছু করলে আমরা অনেক প্রেরণা পেতাম। কিন্তু এখন তো আমরা হতাশ হয়ে পড়েছি।’তাঁকে বলি, বাংলাদেশের সব সমর্থককে বলি—কিছুই শেষ হয়ে যায়নি। এটা ফুটবল নয়, ক্রিকেট বিশ্বকাপ। ফুটবলের সঙ্গে ক্রিকেট বিশ্বকাপের পার্থক্য হলো, সেখানে খেলাটা মূলত ক্লাবকেন্দ্রিক। সবগুলো দেশই সেখানে চার বছর পরপর আসা বিশ্বকাপকে ঘিরেই পরিকল্পনা সাজায়। কিন্তু ক্রিকেটে আন্তর্জাতিক ব্যস্ত সূচির ফাঁকেই আসে বিশ্বকাপ।২০০৭ বিশ্বকাপের কথাই ধরুন। আমাদের কাছে হেরে প্রথম রাউন্ডে বিদায় নেওয়া ভারত বিশ্বকাপের দিন ১৫ পর বাংলাদেশে এসে আমাদের হারিয়ে গেল। সবাই কিন্তু ততক্ষণে বিশ্বকাপে আমরা যে ওদের হারিয়েছি, সেটা বেমালুম ভুলে গেছে। ক্রিকেট এটাই। এখানে দক্ষিণ আফ্রিকার কাছে হারটাই মনে থাকবে, মানুষ ভুলে যাবে ইংল্যান্ডের বিপক্ষে জয়টার কথা। আবার এর পর অস্ট্রেলিয়ার সঙ্গে ভালো করুক বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকার হতাশাও ভুলে যাবে সবাই। আপাতত আমাদের ক্রিকেটারদের প্রথম কোন কাজটি করা উচিত? বিশ্রাম! দু-তিন দিন বিশ্রাম নিতে হবে। এরপর আবার ফিরে আসতে হবে ক্রিকেটে। অস্ট্রেলিয়া সিরিজের প্রস্তুতি শুরু হওয়ার আগে তাদের জাতীয় লিগের একটা ম্যাচ খেলা উচিত। আমি বলব, এটা ওদের জন্যই বড় সুযোগ। লিগটা একদিনের ম্যাচের হলে আমি জোর দিয়ে এটা বলতাম না। কিন্তু চারদিনের ম্যাচ বলেই এখানে নিজের ব্যাটিং নিয়ে কাজ করার অনেক সুযোগ থাকে। এখানে দ্বিতীয় ইনিংসও পাওয়া যায়।খেলোয়াড়েরা হয়তো মানসিক অবসাদগ্রস্ত। কিন্তু শারীরিক ক্লান্তি খুব বেশি থাকার কথা নয়। গত ৪০ দিনে আমরা আট দিন ম্যাচ খেলেছি। বাকি দিনগুলো ছিল শুধু অনুশীলন, মাঝেমধ্যে ছুটিও। সাকিবদের আমি পরামর্শ দেব, অন্তত একটি চারদিনের ম্যাচে যেন ওরা খেলে। এতে অস্ট্রেলিয়া সিরিজটায় ওরা উপকার পাবে।বিশ্বকাপ নিয়ে আর আলোচনার কিছু নেই। বিশ্বকাপ শেষ হয়ে গেছে। মাথা থেকে সেটি ঝেড়ে ফেলে দিক ক্রিকেটাররা। ২০০৩ বিশ্বকাপ আমাদের একেবারেই জঘন্য কেটেছিল। মনে আছে, দেশে ফিরে কয়েক দিন মনটন খুব খারাপ ছিল। আর এবার আমাদের বিশ্বকাপ তো সেবারের মতো খারাপ হয়নি। ৫৮ আর ৭৮ রানের দুটি ভয়াবহ ঘটনা ঘটে গেছে বলেই ব্যর্থতাটাই বেশি চোখে পড়ছে। এমনিতে আমরা কিন্তু টুর্নামেন্ট শুরুর লক্ষ্যটা পূরণই করেছি। আমরা তিন ম্যাচ জিততে চেয়েছিলাম। জিতেছি।এ তো গেল ক্রিকেটারদের কাছে আমার চাওয়া। নীতিনির্ধারকদের বলব, দলে জায়গা নিয়ে যেন একটা সুস্থ প্রতিযোগিতা তৈরি হয়, সেটি নিশ্চিত করার ব্যবস্থা করুন। কেউ যেন নিজের জায়গা শতভাগ নিশ্চিত ধরে না নেয়। এক থেকে এগারো—প্রতিটা ক্রিকেটারের জন্যই যেন অন্তত একজন করে বিকল্প থাকে। এতে সবার জন্যই মঙ্গল। কেউ তাতে নিজেকে ‘অটোমেটিক চয়েস’ ভাবতে পারবে না। সে নিজেও দলে জায়গা ধরে রাখার জন্য প্রাণপণ চেষ্টা করবে। আমাদের সেই বিকল্পের জোগান দেবে ‘এ’ দল। সামনে ‘এ’ দল আর একাডেমি দলের সফর আছে। আমি আগ্রহ নিয়ে সেদিকে তাকিয়ে আছি।