জাতীয় লিগে ওয়ালটন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত মৌসুমের জাতীয় ক্রিকেট লিগের কোনো স্পনসর ছিল না। এবার অবশ্য দুই রাউন্ড পার হওয়ার পর জাতীয় ক্রিকেট লিগের টাইটেল স্পনসর পেল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চলমান ১৩তম ক্রিকেট লিগের টাইটেল স্পনসর হয়েছে ইলেকট্রনিক পণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন। আগ্রাসী বিপণন নীতি নিয়ে এগোনো ওয়ালটন বাংলাদেশের ক্রীড়াঙ্গনে বেশ জাঁকিয়ে বসেছে। সুখবর! ওয়ালটনকে ঘরোয়া ক্রিকেটে পাশে পেয়ে দারুণ খুশি বিসিবি কর্মকর্তারা। লিগের মোট ৫ কোটি ৮৭ লাখ ৪৮৬০ টাকা বাজেটের মধ্যে ওয়ালটন দিচ্ছে ৭০ লাখ টাকা। বিনিময়ে লিগ চলাকালে সাইটস্ক্রিন, পিচ, গ্রাউন্ডস, ড্রিংকস টলি, স্কোর বোর্ড ও আমব্রেলায় ওয়ালটনের লোগো ব্যবহার করতে পারবে প্রতিষ্ঠানটি।কাল বিসিবি কার্যালয়ে দুই পক্ষের মধ্যে এ নিয়ে সমঝোতা চুক্তি হয়েছে। বিসিবির পক্ষে স্বাক্ষর করেন প্রধান নির্বাহী কর্মকর্তা মনজুর আহমেদ, ওয়ালটনের পক্ষে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা উপদেষ্টা এস এম জাহিদ হাসান। পরে সংবাদ সম্মেলনে বিসিবির পরিচালক গাজী আশরাফ হোসেন বলেন, ‘লিগের দ্বিতীয় রাউন্ড পেরিয়ে যাওয়ার পর হলেও একটি স্পনসর পেয়ে আমরা আনন্দিত। এটা একটা মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট। এর আগের বছরে যে টাকার প্রস্তাব পেয়েছিলাম, সেটি আমাদের কাছে গ্রহণযোগ্য ছিল না। এবার ওয়ালটনের প্রস্তাবে আমরা সাড়া দিয়েছি। এটা ঘরোয়া ক্রিকেটের জন্য সুখবর।’