জাতীয় লিগে বৃষ্টির ছোবল
জাতীয় লিগের প্রথম রাউন্ডে খুলনার বিপক্ষে জয় দেখতে পাচ্ছিল ঢাকা। কিন্তু জয় পাওয়া হলো না বৃষ্টির ছোবলে। বৃষ্টিতে শুধু গতকালকের খেলাই ভেসে যায়নি, বন্ধ হয়ে গেছে জাতীয় লিগের পরের রাউন্ডের খেলাও।বৃষ্টি আগের দিনই আঘাত হেনেছিল যশোর ও বগুড়ায়। গতকাল নিস্তার পেল না রাজশাহী ভেন্যুও। তিন ভেন্যুর কোথাও কাল একটা বলও মাঠে গড়ায়নি। ফলে যশোরে রাজশাহী-সিলেট, রাজশাহীতে ঢাকা-খুলনা এবং বগুড়ায় চট্টগ্রাম-বরিশাল; সবগুলো ম্যাচই শেষ হয়েছে অমীমাংসিতভাবে।আগামী পরশু থেকে দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু নিরবচ্ছিন্ন বৃষ্টিতে প্রায় সবগুলোর ভেন্যুতে মাঠ খেলা অনুপযুক্ত হয়ে পড়ায় লিগের খেলা আপাতত বন্ধই করে দিয়েছে টুর্নামেন্ট কমিটি। বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মাঠের দুরবস্থা ও আবহাওয়ার পূর্বাভাস মিলিয়ে খেলা বন্ধ করে দেওয়ার কোনো বিকল্প ছিল না তাদের হাতে।