জাতীয় লিগে বৃষ্টির দিন
রান-বন্যার জাতীয় লিগে হঠাৎ বৃষ্টির বাধা। প্রকৃতির খেয়ালি আচরণে দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিনটা গেছে নিরুত্তাপ। চার ভেন্যু মিলে প্রথম দিনে যেখানে রান উঠেছিল ১২৮৯, কাল হলো ৭৩০। বৃষ্টির ঝাপটা আর আলোকস্বল্পতা মিলে কোথাও ৭০ ওভারের বেশি খেলা হয়নি।আনন্দ-বিষাদের গল্প অবশ্য এর মধ্যেও আছে। আগের দিন ১৩৭ রানে অপরাজিত থাকা রাজশাহীর জুনায়েদ সিদ্দিক ১৯ রানের জন্য করতে পারেননি ডাবল সেঞ্চুরি। খুলনায় খুলনার আবদুর রাজ্জাক প্রথম শ্রেণীর ক্রিকেটে নবমবারের মতো পেয়েছেন ৫ উইকেট।ঢাকা-ঢাকা মহানগরমিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সারা দিনে খেলা হয়েছে ৬৪.৪ ওভার। মধ্যাহ্ন বিরতি শেষ হওয়ার মিনিট চল্লিশেক পরই শুরু হয় ঝিরিঝিরি বৃষ্টি, খেলা বন্ধ থাকে ৪০ মিনিটের মতো। চা-বিরতির ঘণ্টা খানেক পর আলোকস্বল্পতায় খেলা বন্ধ হয়ে গেলে দিনের খেলারও সমাপ্তি হয় সেখানে।ভাঙা দিনে ব্যাটসম্যানদের ব্যর্থতা দেখল গ্যালারির হাতে গোনা দর্শক। আগের দিনের ৭ উইকেটে ১১৩ রান নিয়ে খেলতে নেমে ঢাকা বিভাগ অলআউট ১৬৫ রানে, কাল ব্যাট করেছে মাত্র ১৫ ওভার ৪ বল।প্রথম ইনিংসে ৪০ রানের লিড পেলেও দ্বিতীয় ইনিংসে ঢাকা মহানগরের সব ব্যাটসম্যানই ব্যর্থ। বড় জুটি হয়নি একটাও। বৃষ্টিভেজা মাঠে উইকেটে বল আসছিল নিচু হয়ে। অবশ্য বল কখনো নিচু হয়েছে, কখনো উঠেছে লাফিয়ে। প্রথম ইনিংসে ওপেনিংয়ে নেমে ব্যর্থ মোহাম্মদ আশরাফুল ভাগ্য বদলাতে নেমেছিলেন চারে। কিন্তু ৫১ বলে ১৮ রান করে মাহমুদউল্লাহর বলে লেগ স্লিপে শুভাগতর ক্যাচ হয়ে ফিরে যান।চট্টগ্রাম-সিলেটভোরের বৃষ্টির পর বিকেএসপিতে খেলা শুরু হয়েছে বেলা ১১টায়। মাঝে আরেকবার বৃষ্টি নামায় মধ্যাহ্ন বিরতিও বাড়ে ২০ মিনিট। সর্বশেষ বিকেল ৪টা ৩৫ মিনিটে আলোকস্বল্পতায় বন্ধ হয়ে গেছে খেলা। বৃষ্টির ফাঁকে ফাঁকে হওয়া দিনের ৬০ ওভার ৩ বলেই ৭ উইকেট হারিয়েছে সিলেট। আগের দিনের ১ উইকেটে করা ১০ রানের সঙ্গে কাল তারা যোগ করেছে ১৭৮ রান।দিনের পঞ্চম ওভারে ওপেনার সায়েম আলম ও দশম ওভারে শাকের আহমেদকে হারিয়ে সিলেটের শুরুটাই হয়েছে বাজে। চতুর্থ উইকেটে রুম্মন (৫২) ও রাজিনের (৩২) ৭৮ রানের জুটি কিছুটা স্বস্তি জোগালেও পরের ৪৩ রানে পড়েছে ৫ উইকেট। প্রথম ইনিংসে চট্টগ্রামের ৩৬৭ রান থেকে এখনো ১৭৯ রান পিছিয়ে থাকা সিলেটের এগিয়ে যাওয়া অনেকটাই নির্ভর করছে অলক কাপালির ওপর। দিনশেষে এনামুল জুনিয়রকে সঙ্গে নিয়ে ৪০ রানে অপরাজিত ছিলেন অধিনায়ক। ৬৪ রান করার পর বল হাতেও সিলেটের ব্যাটসম্যানদের ঝামেলায় ফেলেছেন চট্টগ্রামের শ্রীলঙ্কান বাঁহাতি স্পিনার মিলিন্দা। ৮২ রানে নিয়েছেন ৪ উইকেট।রাজশাহী-বরিশালম্যাচের দুই দিন পেরোলেও রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে এখনো ব্যাটিং পায়নি বরিশাল। এখনো শেষ হয়নি রাজশাহীর প্রথম ইনিংস! বৃষ্টির ঝাপটায় কাল সারা দিনে এ মাঠে বল হয়েছে মাত্র ৪৬.৪ ওভার। চা-বিরতির পর একটা বলও হয়নি।প্রথম দিনে ১ উইকেটে ৩১০ রান করা রাজশাহীর আর মাত্র দুটি উইকেট ফেলতে পেরেছে বরিশাল। একটি অধিনায়ক মুশফিকুর রহিমের, অন্যটি সেঞ্চুরিয়ান জুনায়েদ সিদ্দিকের। ডাউন দ্য উইকেটে খেলতে গিয়ে সোহাগ গাজীর টার্নে বিভ্রান্ত জুনায়েদ স্টাম্পড হয়ে গেছেন ১৮১ রানের মাথায়। অবশ্য আগের দিন ৪৮ রানে নতুন জীবন পাওয়ার পর কাল ব্যক্তিগত ১৫০ আর ১৭৩ রানের সময় জুনায়েদের ক্যাচ ফেলেছেন ফজলে রাব্বি ও ইফতেখার নাঈম। ডাবল সেঞ্চুরি মিস করে হতাশ জুনায়েদ, ‘আমার নিজের জন্যই এ রকম একটা বড় ইনিংস দরকার ছিল। সেটা পেয়েছি। তবে ডাবল সেঞ্চুরি পেলে আরও ভালো লাগত। এটা সব ব্যাটসম্যানেরই স্বপ্ন।’ জুনায়েদের পর সেঞ্চুরির হাতছানি জহুরুলের সামনেও, দলকে ৪৬৬ রানে নিয়ে ৮৩ রানে অপরাজিত জহুরুল। খুলনা-রংপুররাতের বৃষ্টিতে মাঠ ভেজা থাকায় শেখ আবু নাসের স্টেডিয়ামে খেলা শুরু হয় বেলা ১১টায়, ৩টা ৪২ মিনিটে আবারও বৃষ্টি এলে পড়ে ২০ মিনিটের অনির্ধারিত বিরতি। আলোকস্বল্পতায় খেলা শেষও হয়েছে আগেভাগে। কিন্তু ৬৯.৩ ওভারের এই দিনেই রংপুরের দশ নম্বর ব্যাটসম্যান আরিফুল হকের অপরাজিত ৭৫ রানের ইনিংস নজর কেড়েছে সবার।৭ উইকেটে ২৮৪ রান করে প্রথম দিন শেষ করা রংপুর আরিফের ওই ইনিংসের সৌজন্যেই কাল যোগ করেছে আরও ১০৪ রান। ৬০ রানের শেষ উইকেট জুটিতে শুভাশিসের সংগ্রহ মাত্র ৬, অতিরিক্ত ১, বাকি ৫৩ রানই আরিফুলের। চার বাউন্ডারির সঙ্গে ছক্কা মেরেছেন ৭টি। এর মধ্যে সাকিব আল হাসানের এক ওভারেই দুটি। আগের দিনের ২ উইকেটের সঙ্গে কাল শুভাশিসেরটিসহ ১১১ রানে ৩ উইকেট পেয়েছেন সাকিব। তবে খুলনার সফলতম বোলার আরেক বাঁহাতি স্পিনার রাজ্জাক। আগের দিন পেয়েছিলেন ৩ উইকেট, কাল ফিরিয়েছেন নাঈম ও তানভীরকেও।রংপুরের ৩৮৮ রানের জবাবে দিন শেষে ৪ উইকেটে ১১২ রান করেছে স্বাগতিক খুলনা। আনামুল ৪১ রানে অপরাজিত থাকলেও সাকিব আউট হয়ে গেছেন ২৫ রানে। তাঁদের ৫২ রানের তৃতীয় উইকেট জুটিটি ভেঙেছে আলাউদ্দিন বাবুর বলে সাকিব কট বিহাইন্ড হওয়ায়।সং ক্ষি প্ত স্কো রঢাকা মহানগর-ঢাকা বিভাগ, মিরপুরঢাকা মহানগর: ২০৫ ও ৪৯ ওভারে ১২৮/৬ (তাসামুল ৩১, মার্শাল ২০; শহীদ ২/১৭, শুভাগত ১/১৪)। ঢাকা বিভাগ ১ম ইনিংস: ৫০ ওভারে ১৬৫ (নুরুল ৬৮*, শুভাগত ১৭; ইলিয়াস সানি ৪/৫৯, আরাফাত সানি ৩/২৭)।চট্টগ্রাম-সিলেট, বিকেএসপিচট্টগ্রাম ১ম ইনিংস: ৩৬৭। সিলেট ১ম ইনিংস: ৬৬ ওভারে ১৮৮/৮ (রুম্মন ৫২, অলক ৪০*, রাজিন ৩২; মিলিন্দা ৪/৮২, ইয়াসিন ৩/৩৮)। রাজশাহী-বরিশাল, রাজশাহীরাজশাহী ১ম ইনিংস: ১৩৩.৪ ওভারে ৪৬৬/৩ (জুনায়েদ ১৮১, মিজানুর ১৪৮, জহুরুল ৮৩*, ফরহাদ হোসেন ২০*; সোহাগ ২/১৫০, মনির ১/৭৬)। খুলনা-রংপুর, খুলনারংপুর ১ম ইনিংস: ১১৭.৩ ওভারে ৩৮৮ (নাঈম ১২৭, আরিফুল ৭৫*, ধীমান ৫৪, নাসির ৪৮, লিটন ২৮; রাজ্জাক ৫/১০৩, সাকিব ৩/১১১, জিয়াউর ২/১৫)। খুলনা ১ম ইনিংস: ৪২ ওভারে ১১২/৪ (আনামুল ৪১*, সৌম্য ২৯, সাকিব ২৫; আলাউদ্দিন ৩/২৫)।