জাতীয় লিগে বৃষ্টির হানা
ফাগুনে হঠাৎই এসে হাজির অনাহূত বৃষ্টি। আর তাতেই পণ্ড রাজশাহী ও বগুড়ায় জাতীয় লিগের দুটি ম্যাচের পুরো দ্বিতীয় দিন। কাল একটি বলও হতে পারেনি রাজশাহী-খুলনা ও ঢাকা বিভাগ-ঢাকা মহানগরের ম্যাচে। বরিশাল ও কক্সবাজারের ম্যাচ দুটিতে বৃষ্টি না হলেও ছিল প্রবল বাতাসের আনাগোনা।
বরিশালে দিনের খেলা শুরু হতে দেরি করিয়ে দিয়েছিল ঝোড়ো হাওয়া। খেলা শুরু হওয়ার পর অবশ্য আর থামেনি। আর তাতে বরিশালের বিপক্ষে পুরো দিনটাই ব্যাটিং করেছে সিলেট। দুই উইকেটে ৩৪ রান নিয়ে দিন শুরু করা দ্বিতীয় দিন শেষে দলটির স্কোর ৭ উইকেটে ২২১। তিন নম্বর ব্যাটসম্যান আনোয়ার আকবর সর্বোচ্চ ৬৬ রান করে অপরাজিত আছেন। আকবরের ২৭৫ বলের ইনিংসে বাউন্ডারি মাত্র ৩টি। ৮০ রানের তৃতীয় উইকেট জুটিতে তাঁর সঙ্গী ইমতিয়াজ করেছেন দ্বিতীয় সর্বোচ্চ ৪৮।
কক্সবাজারে চট্টগ্রাম-রংপুরের ম্যাচটা শুরু হয়েছিল যথাসময়েই। তবে লাঞ্চটা একটু আগেভাগেই শুরু করতে হয়েছিল ঝোড়ো বাতাসে সাইট স্ক্রিন ভেঙে পড়ায়। আগের দিনের ৬ উইকেটে ১৭২ রানের সঙ্গে আরও ৭৭ রান যোগ করেই অলআউট রংপুর। ৬৫ রান করে অপরাজিত ছিলেন অভিষিক্ত কল্যাণাশিস বসু।
চট্টগ্রাম দিন শেষ করেছে ৪ উইকেটে ১৫৪ রানে। দলটি ৪ উইকেটের ৩টিই হারিয়েছে ৩৯তম ওভারে। রংপুরের অফস্পিনার মাহমুদুল হাসান ওভারের দ্বিতীয়, পঞ্চম ও ষষ্ঠ বলে তুলে নিয়েছেন নাফিস ইকবাল, ইরফান শুকুর ও ফয়সাল হোসেনকে।
সংক্ষিপ্ত স্কোর
বরিশাল-সিলেট, বরিশাল
বরিশাল ১ম ইনিংস: ২২৪। সিলেট ১ম ইনিংস: ৯৯ ওভারে ২২১/৭ (আকবর ৬৬*, ইমতিয়াজ ৪৮, সাকের ২১; মনির ৩/৪৫, ফজলে রাব্বী ২/৪৯, ইফতেখার ১/১৭, কবির ১/৬২)।
রংপুর-চট্টগ্রাম, কক্সবাজার
রংপুর ১ম ইনিংস: ১২৩ ওভারে ২৪৯ (কল্যাণাশিস ৬৫*, সোহরাওয়ার্দী ৫৪, তারিক ৩৬, আহমেদুল ৩৩; মেহেদী ৪/৫৬, ইউনুস ৪/১০০, ইয়াসিন ২/৪৫)।
চট্টগ্রাম ১ম ইনিংস: ৫৬ ওভারে ১৫৪/৪ (মাহবুবুল ৬৩, নাফিস ৪১, ইরফান ২৪; মাহমুদুল ৩/২৮, শুভাশিস ১/৫০)।