জাতীয় লিগে রংপুর ও ঢাকা মহানগর
ছয় দলের জাতীয় ক্রিকেট লিগ আগামী মৌসুম থেকে আট দলের হয়ে গেল। বিসিবির পরিচালনা পর্ষদের গত মঙ্গলবারের সভায় এ সিদ্ধান্ত হয়েছে। জাতীয় লিগের শুরুতে আটটি দল ছিল। ছয় বিভাগের সঙ্গে ছিল বাংলাদেশ বিমান ও ঢাকা মহানগর। এক মৌসুম পর জাতীয় লিগে যৌক্তিক কারণেই ছয়টি বিভাগীয় দল খেলতে শুরু করে। এত দিন সেভাবেই চলছিল। রংপুর নতুন বিভাগ হওয়ায় ২০১১-১২ মৌসুমে বিভাগীয় দলের সংখ্যা হচ্ছে সাত। সঙ্গে আবার যোগ হয়েছে ঢাকা মহানগর।জাতীয় লিগে প্রতিদ্বন্দ্বিতার অভাব নিয়ে অনেক কথা হয়ে আসছে। সেখানে দলের সংখ্যা আরও দুটি বাড়িয়ে দেওয়াটা উল্টো পথে যাত্রা কি না, সেই প্রশ্ন উঠছেই। বিভাগ হিসেবে রংপুরকে অন্তর্ভুক্তির ব্যাপারটা যৌক্তিক, কিন্তু ঢাকা বিভাগে দুটি দল করার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। সভায় আরেকটি ‘বৈপ্লবিক’ সিদ্ধান্ত হয়েছে। ক্রিকেটের জন্য নিজস্ব একটি টেলিভিশন চ্যানেল খোলার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। এটির প্রক্রিয়া সম্পন্ন করার জন্য মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুসের নেতৃত্বে গঠিত হয়েছে তিন সদস্যের কমিটি। কমিটির অন্য দুই সদস্য হলেন বোর্ড পরিচালক দেওয়ান শফিউল আরেফিন ও সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর।সভায় গাজী আশরাফ হোসেনকে প্রধান করে গঠিত হয়েছে আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিপিএলের নয় সদস্যের আয়োজক কমিটি। কাল এই কমিটি একটা সভাও করে ফেলেছে। সভায় সিদ্ধান্ত হয়েছে, ফ্র্যাঞ্চাইজ-ভিত্তিক টুর্নামেন্টটা হবে ছয় দলের। দরপত্রের মাধ্যমে টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব দেওয়া হবে আন্তর্জাতিক মানের কোনো ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে।পরশুর বোর্ড সভায় চলতি বছরের ডিসেম্বরের মধ্যে সিলেট বিভাগীয় স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের স্টেডিয়ামে উন্নীত করারও সিদ্ধান্ত হয়েছে।জাতীয় দলের সাবেক ওপেনার ও নির্বাচক জাহিদ রাজ্জাককে জাতীয় দলের ম্যানেজার করার সিদ্ধান্তও হয়েছে। অনুমোদিত হয়েছে আঞ্চলিক ক্রিকেট সংস্থার গঠনতন্ত্রও।