জাতীয় লিগে সেরা চারে ওঠার লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় লিগের ষষ্ঠ রাউন্ডের খেলা শুরু হচ্ছে আজ। এই রাউন্ডেই শীর্ষে থেকে পরের পর্বে যাওয়ার টিকিট পেয়ে যেতে পারে চারটি দল। পয়েন্ট তালিকায় সামান্য ব্যবধানে শীর্ষে থাকা ঢাকা মহানগর আজ ফতুল্লায় মুখোমুখি হবে রংপুরের। জিতলেই নিশ্চিত মহানগরের সেরা চারে থাকা। রাজশাহীতে মুখোমুখি খুলনা ও চট্টগ্রাম। লিগের দ্বিতীয় ও তৃতীয় দল দুটির ম্যাচের জয়ীদেরও নিশ্চিত হবে পরের পর্ব। বরিশালে বর্তমান চ্যাম্পিয়ন রাজশাহীর সামনে ঢাকা বিভাগ। এখনো কোনো ম্যাচ না জেতা ঢাকাকে টিকে থাকতে হলে এই ম্যাচে জিততেই হবে। চট্টগ্রামে মুখোমুখি হচ্ছে সিলেট ও বরিশাল। পরের পর্বে যাওয়ার লড়াইয়ে টিকে থাকার জন্য ঢাকার মতোই জয় ছাড়া অন্য কোনো পথ নেই বরিশালের।এবারের লিগে এ পর্যন্ত হওয়া ২০ ম্যাচের ১৭টিই দেখেছে জয়-পরাজয়। তবে খেলোয়াড়দের বড় দৈর্ঘ্যের ম্যাচের অনভ্যস্ততা ফুটিয়ে তুলে দুটি ম্যাচ শেষ হয়েছে মাত্র দুই দিনেই, সাতটি ম্যাচ শেষ তিন দিনে। ড্র হওয়া তিন ম্যাচের একটি আবার বৃষ্টির জন্য হয়েছে পরিত্যক্ত। ব্যাটসম্যানদের চেয়ে বোলাররাই এবার ম্যাচের ভাগ্য গড়ে দিচ্ছেন বেশি। বিশেষ করে চোখে পড়ছে স্পিনারদের সাফল্য।