জাতীয় লিগের আবিষ্কার ইলিয়াস সানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিষেক টেস্টের বেশির ভাগ সময়টা বৃষ্টির বাধায় হয়তো আক্ষেপই করতে হয়েছে ইলিয়াস সানিকে। এরপর ব্যাট হাতে মাঠে নেমে সমর্থকদের কিছুটা হতাশই করেছিলেন তিনি। ফিরে গিয়েছিলেন রানের খাতা না খুলেই। কিন্তু তারপর বল হাতে নিজের সামর্থ্য প্রমাণের জন্য একেবারে যেন মরিয়া হয়ে উঠেছিলেন প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে আসা এই অলরাউন্ডার। চতুর্থ দিনে চারটি উইকেট শিকারের পর আজকে পেলেন আরও দুই উইকেট। ভবিষ্যতে বাংলাদেশের পক্ষে উজ্জ্বল পারফরমেন্সের আশাও বেশ ভালো মতোই জাগিয়েছেন ২৫ বছর বয়সী ইলিয়াস।চট্টগ্রাম টেস্টের হিরো ইলিয়াস সানি কিন্তু এই জাতীয় লিগেরই আবিষ্কার। দীর্ঘদিন ধরে প্রথম শ্রেণীর ক্রিকেটে খেলে নিজেকে তৈরি করে তিনি এসেছেন বাংলাদেশ দলে। তিনি যে তৈরি হয়েই টেস্ট খেলতে এসেছেন তার কিছুটা প্রমাণ তো তিনি রাখলেন তাঁর অভিষেকেই।ইলিয়াস সানি তাঁর ক্যারিয়ারে ৫৬টি প্রথম শ্রেণীর ম্যাচে অংশ নিয়েছেন চট্টগ্রামের হয়ে। এ দেশের প্রথম শ্রেণীর ক্রিকেট যে কতটা অবহেলিত তার অন্যতম বড় নমুনা, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম যে তাঁর ‘হোমগ্রাউন্ড’—সেটা টিভি ধারাভাষ্যকারেরা কয়বার বলেছেন, তা নিয়ে সন্দেহ রয়েছে। ৫৬টি প্রথম শ্রেণীর ম্যাচে ইলিয়াসের রয়েছে যথেষ্ট গর্ব করার মতো পারফরম্যান্স। তিনি বল হাতে তাঁর প্রথম শ্রেণীর ক্যারিয়ারে সংগ্রহ করেছেন ২০৩টি উইকেট। গড় ২৪ দশমিক ৯৯। যেকোনো বোলারের জন্যই যা আকাঙ্ক্ষিত এক বোলিং গড়। সবচেয়ে বড় কথা ম্যাচ জয়ী বোলার হিসেবে গড়ে ওঠার প্রশ্নে, তাঁর যে যথেষ্ট সম্ভাবনা রয়েছে, তার প্রমাণ, তিনি ৪ উইকেট পেয়েছেন দশবার, ৫ উইকেট নয়বার। ইলিয়াসের ক্যারিয়ারে একটি ১০ উইকেট পাওয়ারও গৌরব রয়েছে।ব্যাট হাতেও ইলিয়াস কম যান না। ৫৬ ম্যাচে ৮৯ ইনিংস খেলে তাঁর সংগ্রহ এক হাজার ৯১৩ রান। গড় ২৪ দশমিক ৫২। ১৭৬ রানের একটি বড় ইনিংসও রয়েছে তাঁর ঝুলিতে। প্রথম শ্রেণীর ক্রিকেটে সেঞ্চুরি রয়েছে ৩টি হাফ সেঞ্চুরি ৮টি।ভবিষ্যতে ইলিয়াস সানি তাঁর আন্তর্জাতিক পরিসংখ্যানটা কতটা ভালো অবস্থায় নিয়ে যেতে পারেন, সেটাই এখন দেখার বিষয়।