জাতীয় লিগের কাছে শরীফের সামান্য চাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোহাম্মদ শরীফ
মোহাম্মদ শরীফ

জাতীয় লিগে অভিষেক ম্যাচে তাঁর অধিনায়ক ছিলেন আমিনুল ইসলাম। সেই আমিনুল অনেক দিন ধরেই কোচ। আরেক সতীর্থ হাবিবুল বাশার এখন নির্বাচক। প্রতিপক্ষ দলে খেলা মিনহাজুল আবেদীনের নির্বাচকের ভূমিকায় অনেক দিন হয়ে গেল, আকরাম খান ক্রিকেট বোর্ডের পরিচালক, সাব্বির খান বোর্ডে কর্মরত। আর তিনি, সেদিনের সেই সদ্য কৈশোরোত্তীর্ণ ছেলেটি এবার জাতীয় লিগে ঢাকা বিভাগকে নেতৃত্ব দিলেন শিরোপা বিজয়ে। মোহাম্মদ শরীফ!
বয়স মাত্র ৩০, কিন্তু বর্তমান ক্রিকেটারদের মধ্যে শরীফই এখন বাংলাদেশের সবচেয়ে পুরোনো প্রথম শ্রেণীর ক্রিকেটার। শরীফের সঙ্গে একই দিন অভিষিক্ত আরও দুজন অবশ্য খেলছেন এখনো—তুষার ইমরান ও রাজিন সালেহ।
সেটি ২০০০ সালের নভেম্বর। জাতীয় লিগের দ্বিতীয় মৌসুম, প্রথম শ্রেণীর মর্যাদায় প্রথম আসর। নারায়ণগঞ্জের টেপ টেনিস বোলার থেকে মাত্র কয়েক মাসের মধ্যে ঢাকার তৃতীয় বিভাগ, অনূর্ধ্ব-১৭ এশিয়া কাপের বাংলাদেশ দল হয়ে জাতীয় লিগ, অভিষেক মৌসুমেই ৪৯ উইকেট নিয়ে ১৭ বছর বয়সে টেস্ট অভিষেক—শরীফের আবির্ভাব হার মানায় কল্পনাকেও। অনেক সম্ভাবনা নিয়ে শুরুর পরও থমকে যেতে হয়েছে পিঠের চোটে। ক্যারিয়ারঘাতী সেই চোট থেকে ফিরলেও পুরো ধার ফিরে পাননি বলে আন্তর্জাতিক ক্যারিয়ার থেমে আছে ১০ টেস্ট ও ৯ ওয়ানডেতে। তবে জাতীয় লিগে তিনি নিয়মিত নাম। নিজের অভিষেক থেকে ১৪ আসরের ১২টিতেই খেলেছেন। জাতীয় লিগের আগে এখনো সেই শুরুর মতোই রোমাঞ্চিত থাকেন। কিন্তু ব্যক্তিগত সেই অনুভূতি একপাশে সরিয়ে যখন দেখেন বাস্তব চিত্র, ঘিরে ধরে ভীষণ এক হতাশাবোধ। শুরুর সেই দিনগুলোর সঙ্গে খুব একটা পার্থক্য যে খুঁজে পান না!
১৪ বছর আগে-পরের সময়টাকে এক ফ্রেমে রাখতে পারেন শরীফ অনায়াসেই, ‘তখন ব্যাপারটি ছিল, বোর্ড একটা টুর্নামেন্ট আয়োজন করছে, চলো খেলে আসি। যেন সবাই মিলে চার-পাঁচ দিনের জন্য কোথাও ঘুরতে যেতাম। পিকনিকের মতো। পিকনিক ভাবটা নেই বেশ কয়েক বছর ধরেই। টাকা কিছু বেড়েছে। বাকি প্রায় সব আগের মতোই।’ মানে, এখনো সেই দায়সারা আয়োজন, পেশাদারিত্বের অভাব, ভালো উইকেটের জন্য হাহাকার, ক্রিকেটের মান নিয়ে প্রশ্ন, আরেকটু বেশি আর্থিক সুবিধা কামনা।
পছন্দের উইকেটের জন্য হাহাকারটাই বেশি শরীফের। জাতীয় লিগ নিয়ে আলাপচারিতায় বারবার এল উইকেটের প্রসঙ্গ, ‘এখনো সেই পাটা উইকেট। পেসারদের জন্য তখনো কিছু ছিল না, এখনো নেই। আগে ব্যাটসম্যানরা উইকেট বিলিয়ে দিত, এখন দেয় কম। পেসারদের কপালে তাই উইকেট জোটে না। এবার আমি ২০ উইকেট পেয়েছি, কী যে কষ্ট করতে হয়েছে একেকটি উইকেটের জন্য!’
নিজে পেসার বলে পেস-স্বর্গ চান না শরীফ, তাঁর চাওয়া স্পোর্টিং উইকেট, ‘শুধু চাই, একটু বাউন্স থাকুক। এমন উইকেট হোক, যাতে কারও স্কিল থাকলে সুইং করাতে পারবে। এটুকুই পাই না। এমনও হয়েছে, পেসার দুই ওভার বোলিং করার পরই স্পিন আনতে হয়েছে। সবাই বলে, বাংলাদেশে পেসার আসে না কেন? উইকেট এমন বানিয়ে রাখলে কোত্থেকে আসবে? বলেন, ১৪ বছরে ১৪ জন পেসার এসেছে?’
সেই শুরুর দিনগুলো থেকেই স্পোর্টিং উইকেটের প্রতিশ্রুতি পেয়ে আসছেন শরীফরা। এখনো চলছে প্রতিশ্রুতির মিছিল, ‘প্রতিবছরই সবাই প্রতিশ্রুতি দেয়, কিন্তু উইকেটের চরিত্র পাল্টায় না। আসলে আমাদের উইকেটের চরিত্রই নাই। সব একই, মরা ব্যাটিং উইকেট। দু-একটি ম্যাচ লো-স্কোরিং হলেই তো হইচই পড়ে যায়। লো-স্কোরিং মানেই বাজে উইকেট। বোলাররাও যে খেলার অংশ, এটা কারও মাথায় থাকে না। উইকেটে ৫০০ রান হলেই ভালো উইকেট। ব্যাটসম্যানরা রান পেলেই সবাই ঢেঁকুর তোলে। বোলাররা মার খেয়ে ভূত হয়ে যাচ্ছে, কোনো সমস্যা নেই।’
যে দু-একটি লো-স্কোরিং ম্যাচ মাঝেমধ্যে দেখা যায়, সেগুলোও আসলে মন্থর স্পিনিং উইকেটে। পেস-বান্ধব উইকেটের অস্তিত্ব বাংলাদেশে কেবল ভাবনার জগতেই আছে। ‘আমি এমনও জানি, পেসার হয়ে শুরু করেও পরে বাঁহাতি স্পিনার হয়ে গেছে। বাংলাদেশে বাঁহাত ঘোরাতে পারলেই নাকি টাকা’—শরীফের কণ্ঠে ফুটে বেরোয় আক্ষেপ।
আক্ষেপ আছে এই টাকার পরিমাণ নিয়েও। শুরুতে জাতীয় লিগে ম্যাচ ফি ছিল না, হাতখরচ ছিল দৈনিক ৩০০ টাকা। এবার ম্যাচ ফি ছিল ২০ হাজার, হাতখরচ এক হাজার টাকা। কিন্তু ১৪ বছর ধরে টেস্ট খেলা একটি দেশের শীর্ষ টুর্নামেন্টের জন্য এই অর্থকে যথেষ্ট মনে করেন না শরীফ, ‘ভারতে রঞ্জি খেলেই এক মৌসুমে অনেকে কোটি টাকা আয় করে। ম্যাচ ফি দেড় লাখ রুপি। আমরা এত চাই না। কিন্তু পেশাদার ক্রিকেটারদের অন্তত যেন পরিবার ও জীবন চালানো নিয়ে ভাবতে না হয়।’
শরীফের আক্ষেপের মালায় আছে আরও অনেক কণ্টক। ‘জাতীয় লিগের ম্যাচে দর্শক আসে না, সাংবাদিকেরা আসেন না, বোর্ড কর্মকর্তারাও আসেন না। স্কোর কার্ড দেখে সবাই বুঝে নেয়, ‘‘ওহ্, অমুক তো দারুণ ব্যাটিং করছে।” কিন্তু আসলে কেমন খেলেছে, কতবার বিট হয়েছে বা কটা লাইফ পেয়েছে, ওই দিন বোলাররা কেমন বোলিং করেছে—এসব কেউ জানে না।’ দেশের শীর্ষ প্রথম শ্রেণীর টুর্নামেন্ট হিসেবে আরেকটু গুরুত্বপূর্ণ প্রসঙ্গও তুললেন, ‘দুটি ম্যাচের মাঝে মাত্র দু-তিন দিন সময়, যার অনেকটা রাস্তায়ই চলে যায়। বিশ্রাম, লম্বা সময় নেট করা, ঘাটতিগুলো নিয়ে আলাদা করে কাজ করার সুযোগ কোথায়!’
পরিস্থিতির বদলে শরীফের রেসিপিটাও খুব কঠিন বা অজানা কিছু নয়, ‘অন্তত একটা বছর স্পোর্টিং উইকেট খেলা হোক না! সব ম্যাচ না। চারটি ম্যাচ স্পোর্টিং উইকেটে, বাউন্সি উইকেটে দুটি, স্পিনিং উইকেট দুটি। তাহলে ভালো পেসার যেমন আসবে, সত্যিকারের মানসম্পন্ন ব্যাটসম্যানও আসবে। প্রতি মৌসুমে অন্তত একজন ভালো ক্রিকেটার পেলেও কিন্তু দারুণ হয়!’
শরীফের সামান্য এই চাওয়াটাই ফুটিয়ে তুলছে জাতীয় লিগের করুণ চিত্র।