জাতীয় লিগের দল গঠন নিয়ে প্রশ্ন
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) শক্ত অবস্থানের পর ক্রিকেটার কল্যাণ সমিতি (কোয়াব) এখন বাহ্যত অনেকটাই নমনীয়। গত কয়েক দিনে খেলোয়াড়দের একাধিক সভার পর সিদ্ধান্ত হয়েছে, ক্রিকেটাররা জাতীয় লিগে খেলবেন। তবে সেটা একেবারেই শর্তহীন নয়। নতুন সূচি অনুযায়ী আগামী ১৪ জানুয়ারি থেকে শুরু হওয়ার কথা জাতীয় লিগের খেলা।কোয়াব চাইছে, একাদশ জাতীয় লিগের জন্য বিসিবির টুর্নামেন্ট কমিটি এর মধ্যেই যে ছয়টা বিভাগীয় দল ঘোষণা করেছে, জাতীয় লিগে সেই দলগুলো অপরিবর্তিত থাকুক। এ ছাড়া টুর্নামেন্ট কমিটির ঘোষিত নতুন ম্যাচ ফি ও দৈনিক ভাতার পরিবর্তে গতবারের ম্যাচ ফি আর দৈনিক ভাতাই বলবত্ রাখার কথা বলছে তারা। টুর্নামেন্ট কমিটি যেহেতু কোয়াবের সঙ্গে বসতেই রাজি নয়, এই দাবির কথা আজ-কালের মধ্যে মিডিয়ার মাধ্যমে জানানো হবে বলে জানিয়েছে কোয়াব সূত্র। কোয়াব সিদ্ধান্ত নিয়ে রেখেছে, আগের খেলোয়াড় তালিকায় কোনো রকম রদবদল হলে ছয় বিভাগের কোনো ক্রিকেটারই এবার জাতীয় লিগে খেলবে না।আর্থিক সুবিধা আগের মতো রাখার বিষয়ে কোয়াব-সংশ্লিষ্ট এক ক্রিকেটার বলেছেন, ‘বিসিবি যেহেতু এখন আর্থিক সমস্যায় আছে, আমরা চাই না আমাদের জন্য তাদের ওপর বাড়তি চাপ সৃষ্টি হোক।’ আর খেলোয়াড় তালিকা অপরিবর্তিত রাখার দাবির আড়ালে লুকিয়ে একটা অভিযোগ। টুর্নামেন্ট কমিটি বিভাগীয় দল গঠনের দায়িত্ব বিভাগীয় ক্রীড়া সংস্থাকে দিয়ে দেওয়ার পর জাতীয় লিগের জন্য নতুন করে তারাই দল করছে। কোয়াবের কাছে নাকি তথ্য আছে, দু-একটি বিভাগ আগের খেলোয়াড় তালিকায় ব্যাপক রদবদল ঘটাচ্ছে। জাতীয় লিগ ইস্যুতে কোয়াবের সাম্প্রতিক আন্দোলনে যাঁরা সম্পৃক্ত ছিলেন, আগের দলে থাকলেও নতুন দল থেকে নাকি ছেঁটে ফেলা হচ্ছে তাঁদের অনেককে। বিভাগীয় দল থেকে এখনো ডাক পাননি এ রকম ক্রিকেটারের মধ্যে আছেন ঢাকার জাভেদ ওমর, খুলনার তুষার ইমরান এবং জিয়াউর রহমানও।টুর্নামেন্ট কমিটির প্রধান গাজী আশরাফ হোসেন অবশ্য অন্য কথাই বললেন, ‘ছয় বিভাগীয় ক্রীড়া সংস্থার কর্মকর্তাদের সঙ্গে আমাদের যে সভা হয়েছে সেখানে বা অন্য কোনোভাবেই এ রকম নির্দেশনা বিভাগগুলোকে দেওয়া হয়নি।’ তারপরও যদি কোনো ক্রিকেটারকে অন্যায়ভাবে বাদ দেওয়া হয়, সেটা দেখার জন্য তো টুর্নামেন্ট কমিটি আছেই। গাজী আশরাফ জানিয়েছেন, বিভাগীয় ক্রীড়া সংস্থা খেলোয়াড় তালিকা করলেও তা চূড়ান্তভাবে অনুমোদন করবে টুর্নামেন্ট কমিটি। টুর্নামেন্ট কমিটি বিভাগগুলোকে আজ-কালের মধ্যে প্রাথমিকভাবে ৩০ সদস্যের খেলোয়াড় তালিকা দিতে বলেছে, যেখানে বাধ্যতামূলকভাবে রাখতে হবে বয়সভিত্তিক পর্যায়ের পাঁচ প্রতিভাবান ক্রিকেটার। ১২ জানুয়ারির মধ্যে দ্বিতীয় পর্যায়ে খেলোয়াড়ের সংখ্যা কমিয়ে নিবন্ধনের জন্য দিতে হবে সর্বোচ্চ ২৫ জনের তালিকা, যেখানে অবশ্যই থাকবে তিনজন বয়সভিত্তিক পর্যায়ের খেলোয়াড়। এর পর প্রতি ম্যাচের জন্য হবে চূড়ান্ত ১৪ জনের দল এবং টুর্নামেন্ট কমিটির অনুমোদন লাগবে সেই দলেও। দল গঠনের পথনির্দেশিকা হিসেবে গত জাতীয় লিগ, প্রিমিয়ার লিগ ও প্রথম বিভাগ ক্রিকেটে খেলোয়াড়দের বিস্তারিত পারফরম্যান্স সরবরাহ করা হয়েছে বিভাগীয় ক্রীড়া সংস্থাগুলোকে।