জাতীয় লিগের সাদামাটা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘নতুনত্বের’ জাতীয় লিগ কাল শুরুর দিনে অন্তত নতুন কিছু দেখল না। ওয়েস্ট ইন্ডিজ সফরের ডামাডোলে দেশের চারটি ভেন্যুতে একেবারে নীরবেই হলো জাতীয় লিগের ১৩তম আসরের উদ্বোধন।বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে প্রথম শ্রেণীর ক্রিকেটে দল হিসেবে অভিষেক হলো রংপুরের। টসে জিতে অধিনায়ক তারিক আহমেদ ঢাকা বিভাগকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান। তবে প্রথম দিনটা তেমন ভালো কাটেনি রংপুরের। ৮ উইকেটে ২৯৪ রান তুলে দিন শেষ করেছে ঢাকা। ঢাকার তিন ব্যাটসম্যান সৈকত আলী (৫৫), রকিবুল হাসান (৫৩) ও তায়েবুর রহমান (৬১*) করেছেন ফিফটি। রংপুরের সায়মন ও তানভীর নিয়েছেন ২টি করে উইকেট।বিকেএসপিতে বরিশালের বিপক্ষে টসে জিতে ব্যাটিং নিয়ে বিপর্যয়ে পড়ে চট্টগ্রাম। বিনা উইকেট ৩৬ থেকে ১৪ বলের এক ঝড়ে ৩ উইকেটে ৩৬ হয়ে যায় চট্টগ্রাম। চতুর্থ উইকেটে ৬০ রানের জুটি গড়ে দলকে পথে ফেরান নাজিমউদ্দিন ও আফতাব, তার পরও তারা অলআউট হয়েছে ১৮৭ রানেই। সর্বোচ্চ ৪২ রান করেন আফতাব। বরিশালের শুরুটা হয়েছে আরও বাজে। ২ রানেই ২ উইকেট হারিয়ে ফেলেছে তারা। চট্টগ্রামের পেসার কাজী কামরুল তিন বলের মধ্যে তুলে নিয়েছেন উইকেট দুটি।সিলেট স্টেডিয়ামে খুলনার পিঠে বড় রানের বোঝা চাপাতে চলেছে সিলেট, ৫ উইকেটে ২২৮ রানে দিন শেষ করেছে স্বাগতিকেরা। দ্বিতীয় উইকেটে রুম্মন আহমেদকে সঙ্গী করে ৯৯ রান যোগ করেন ৭১ করা ওপেনার সায়েম আলম।রাজশাহীতে জাতীয় লিগে ফিরে আসাটা ভালোই উপভোগ করছে ঢাকা মেট্রো। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রাজশাহীকে ১৯৩ রানেই অলআউট করে দিয়েছে মেহরাব হোসেন জুনিয়রের দল। একপর্যায়ে ৫২ রানেই ৫ উইকেট হারিয়ে ফেলে স্বাগতিকেরা। নয়ে নেমে সর্বোচ্চ ৪৭ করে অপরাজিত ছিলেন সানজামুল। শূন্য রানে প্রথম উইকেট হারালেও মেট্রো দিন শেষ করেছে ১ উইকেটে ১১০ রানে, আসিফ ৬৮ ও তাসামুল ৪০ রানে ব্যাট করছেন।