জাতীয় সাঁতার কাল থেকে
দক্ষিণ এশীয় (এসএ) গেমসের কারণে গত বছর অনুষ্ঠিত না হলেও এবার বসছে জাতীয় সাঁতারের আসর। ওয়ালটন ২৪তম জাতীয় সাঁতার শুরু হচ্ছে আগামীকাল থেকে।মিরপুর সুইমিং কমপ্লেক্সে সাঁতার, ডাইভিং ও ওয়াটারপোলো মিলিয়ে ৪২টি সোনার জন্য লড়বেন ৩৫৫ জন পুরুষ ও ৮২ জন মহিলা সাঁতারু। তিন দিনব্যাপী প্রতিযোগিতায় অংশ নিচ্ছে ২২টি জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা, বিকেএসপি ও সার্ভিসেস দলসহ মোট ৩২টি দল। মিরপুর সুইমিং কমপ্লেক্সে ডাইভিং স্প্রিং বোর্ড না থাকায় এই ইভেন্টটি হবে সেনাবাহিনীর ডাইভিং পুলে। তবে প্ল্যাটফর্ম ডাইভিং হবে মিরপুরেই। টুর্নামেন্টে প্রথমবারের মতো পৃষ্ঠপোষকতা করছে ওয়ালটন। প্রতিযোগিতার উদ্বোধন করবেন ক্রীড়াবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির প্রধান জাহিদ আহসান। কাল এক সংবাদ সম্মেলনে তথ্যগুলো জানান ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান। উপস্থিত ছিলেন আরবি গ্রুপের (ওয়ালটন) উপপরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার।