জাতীয় সাঁতারে রোমানার দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৪০০ মিটার ব্যক্তিগত মিডলেতে রেকর্ড গড়ে সোনা জয়ের পর সেনাবাহিনীর রোমানা আক্তার। কাল মিরপুর সুইমিংপুলে l প্রথম আলো
৪০০ মিটার ব্যক্তিগত মিডলেতে রেকর্ড গড়ে সোনা জয়ের পর সেনাবাহিনীর রোমানা আক্তার। কাল মিরপুর সুইমিংপুলে l প্রথম আলো

সোনার পদক গলায় ঝুলিয়ে সুইমিংপুলের পাশে হেঁটে বেড়াচ্ছিলেন রোমানা আক্তার। মাঝেমধ্যে পদকটি হাতে নিয়ে নেড়েচেড়ে দেখছিলেন। কিশোরগঞ্জের কিশোরীর চোখেমুখে ছড়ানো রাজ্যের মুগ্ধতা।

জাতীয় সাঁতারের প্রথম দিনেই আলো কেড়েছিলেন রেকর্ডসহ দুটি সোনা জিতে। কালও রেকর্ড গড়েই সোনা জিতলেন ৪০০ মিটার ব্যক্তিগত মিডলেতে। গোপালগঞ্জে গত জাতীয় সাঁতারে নিজের গড়া রেকর্ডটিই কাল ভেঙেছেন রোমানা।

এসএ গেমসে সোনাজয়ী মাহফুজা খাতুন শিলা, সোনিয়া আক্তার টুম্পাদের ছাড়িয়ে গত দুই দিনে মিরপুরের সুইমিংপুলে ছিল বাংলাদেশ সেনাবাহিনীর সাঁতারু রোমানারই জয়জয়কার। দুই দিন মিলিয়ে সাঁতরেছেন ৫টি ইভেন্টে। তিনটিতেই রেকর্ড গড়ে জিতেছেন সোনা। বাকি দুটি ইভেন্টে রুপা জিতেছেন।

গত জাতীয় সাঁতারে মাত্র একটি সোনা জিতলেও এবার দুই দিনে জিতেছেন ৫টি পদক। এমন সাফল্যের রহস্য জানালেন রোমানা, ‘আমি গত এসএ গেমস থেকেই জাতীয় দলের সঙ্গে অনুশীলন করছি। পার্ক তে গুন এবং আমার সেনাবাহিনীর কোচও যথেষ্ট সহযোগিতা করছেন। এবার ভালো কিছু করার লক্ষ্য নিয়েই পানিতে নেমেছিলাম। সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছি।’

রোমানার আলো ছড়ানোর দিনে ১৪টি ইভেন্টের মধ্যে ৭টিতেই হয়েছে জাতীয় রেকর্ড। সব মিলিয়ে দুই দিনে রেকর্ড ১২টি ইভেন্টে। কাল ৪০০ মিটার ব্যক্তিগত মিডলেতে নতুন রেকর্ড গড়েন সেনাবাহিনীর জুয়েল আহমেদ। মেয়েদের ৪০০ ও ১০০ মিটার ফ্রিস্টাইলে নৌবাহিনীর নাজমা খাতুন, ২০০ মিটার ব্যাকস্ট্রোকে সেনাবাহিনীর নাঈমা আক্তার রেকর্ড গড়ে সোনা জিতেছেন। ৪×১০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে পুরুষ ও মহিলা দুটি ইভেন্টেই নতুন জাতীয় রেকর্ড গড়ে সোনা জিতেছে নৌবাহিনী।

সকালে ছেলেদের ৪০০ মিটার ফ্রিস্টাইলে মাহফিজুর রহমান সাগরকে পেছনে ফেলে অবাক করে দেন ফয়সাল আহমেদ। প্রথমবারের মতো জাতীয় সাঁতারের পুলে নেমেই সোনা জেতেন সেনাবাহিনীর এই সাঁতারু। সাগর জিতেছেন রুপা। তবে সন্ধ্যায় আর সাগরের সঙ্গে পারলেন না ফয়সাল। ১০০ মিটার ফ্রিস্টাইলে সাগর জিতলেন সোনা। এই ইভেন্টে আসিফ রুপা জেতেন, ফয়সাল ব্রোঞ্জ।

৫০ মিটার বাটারফ্লাইয়ে ছেলেদের ইভেন্টে নৌবাহিনীর মাহমুদুন্নবী ও মেয়েদের ইভেন্টে নাজমা খাতুন সোনা জিতেছেন। ছেলেদের ২০০ মিটার ব্যাকস্ট্রোকে সোনা জিতেছেন সেনাবাহিনীর জুয়েল আহমেদ ও ৫০ মিটার ব্রেস্টস্ট্রোকে বিকেএসপির আরিফুল ইসলাম। আজ প্রতিযোগিতার শেষ দিন।