জাতীয় সাইক্লিংয়ে আনসারই সেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সাইক্লিংয়ে শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে বাংলাদেশ আনসার। ১১টি সোনা, ১১টি রুপা ও ৩টি ব্রোঞ্জ জিতে টানা চতুর্থবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে দলটি। তবে তিন বছর পর বাংলাদেশ পাটকল করপোরেশনও (বিজেএমসি) সাড়ম্বরেই ঘোষণা করেছে তাদের প্রত্যাবর্তন। বাংলাদেশের সাইক্লিংয়ের ইতিহাসের সফলতম দলটি ৭টি সোনা, ৮টি রুপা ও ৮টি ব্রোঞ্জ জিতে হয়েছে রানার্সআপ। ৫টি সোনা, ২টি রুপা ও ২টি ব্রোঞ্জজয়ী বাংলাদেশ রাইফেলস (বিডিআর) পেয়েছে তৃতীয় স্থান। কাল শেষ দিনে পুরুষ ১৫০০০ মিটার স্ক্র্যাচে সোনা জিতেছেন আনসারের ইখতিয়ার উদ্দিন, মহিলাদের ৪০০০ মিটার স্ক্র্যাচের সোনা একই দলের আকাশী সুলতানার। ৪০০০ মিটার ইনডিভিজ্যুয়াল পারস্যুটের ছেলেদের চ্যাম্পিয়ন বিডিআরের রিপন কুমার, এই ইভেন্টে মেয়েদের চ্যাম্পিয়ন হয়েছেন বিজেএমসির ফারহানা সুলতানা (শীলা)। ফারহানা পরে সোনিয়া, সাথী ও ফাতেমা শীলাকে নিয়ে বিজেএমসিকে জিতিয়েছেন মহিলাদের ২০০০ মিটার টিম পারস্যুট। সামছুল, রিপন, মনোয়ার ও সিরাজুলকে নিয়ে গড়া বিডিআর দল জিতেছে পুরুষদের ৪০০ মিটার টিম পারস্যুট। দলীয় সাফল্যে দারুণ খুশি আনসারের কোচ শামসুল হক বলেছেন, নিয়মিত অনুশীলনেই তাঁদের এই সাফল্য। তবে বিজেএমসির কোচ আবদুল কুদ্দুস খারাপ ফলের জন্য দুষেছেন বঙ্গবন্ধু স্টেডিয়ামের অ্যাথলেটিকস ট্র্যাককে।খেলা শেষে বিজয়ীদের হাতে পুুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার। উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান এনসিসি ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নুরুল আমিন, ফেডারেশনের সভাপতি মিজানুর রহমান (মানু) ও অন্যরা।