জাতীয় স্কুল দল গড়ার পরিকল্পনা
স্ট্যান্ডার্ড চার্টার্ড ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৬ জাতীয় স্কুল ক্রিকেটে গত বছর চ্যাম্পিয়ন হতে পারেনি বলে আফসোস করেছিল বাড্ডা উচ্চবিদ্যালয়ের ছাত্র সালমান, জাকির, রাসেলরা। এবার চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই মাঠে নামতে চায় তারা। আগামীকাল ঢাকা মহানগরের উদ্বোধনী ম্যাচে তাদের প্রতিপক্ষ উইলস লিটল ফ্লাওয়ার স্কুল। জেলা পর্যায়ের কয়েকটি ম্যাচ দুই দিন আগে শুরু হলেও আগামীকাল ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামেই হচ্ছে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন।৬৪টি জেলার ৫৪০টি স্কুল সারা দেশের ৭২টি ভেন্যুতে খেলছে এই টুর্নামেন্টে। ৬৪ জেলার চ্যাম্পিয়ন দলগুলো পরে খেলবে বিভাগীয় পর্যায়ে। সাত বিভাগের সাত চ্যাম্পিয়ন দলের সঙ্গে ঢাকা মহানগরের চ্যাম্পিয়ন স্কুল—এই আট দলকে নিয়ে পরে হবে চূড়ান্ত পর্ব। বিগত বছরগুলোর মতো এবারও বাছাই করা ক্রিকেটারদের নিয়ে সম্মিলিত জাতীয় স্কুল দল গড়া হবে বলে জানানো হলো। সম্মিলিত স্কুল দল গড়তে প্রতিটি জেলায় ট্যালেন্ট স্কাউটদের সাহায্য নিয়ে ক্রিকেটার বাছাইয়ের কাজটি করবে জুনিয়র সিলেকশন কমিটি। এ দলটি পরে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ম্যাচ খেলবে। দেশের বাইরেও পাঠানোর সম্ভাবনা রয়েছে তাদের। বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা মনজুর আহমেদ আশাবাদী এই প্রকল্প নিয়ে, ‘অনেক দেশ আগ্রহ দেখায় আমাদের দেশের স্কুল দলের সঙ্গে খেলতে। আশা করি, এবার আমরা ভালো একটা দল গড়তে পারব।’ টুর্নামেন্টের পৃষ্ঠপোষক স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এবার তাদের চুক্তির শেষ বছরে বিসিবিকে দিচ্ছে ৮৫ লাখ টাকা। কাল সংবাদ সম্মেলনে তথ্যগুলো জানান বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির কর্মকর্তা ও স্কুল কমিটির চেয়ারম্যান জালাল আহমেদ চৌধুরী। উপস্থিত ছিলেন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা জিম ম্যাককাব, হেড অব করপোরেট অ্যাফেয়ার্স বিটপী দাস চৌধুরী।