জাতীয় স্কুল হকির উদ্বোধন

আজকের কিশোরেরাই ভবিষ্যৎ। কিশোরদের হকির প্রতি আকৃষ্ট করতে বড় এক উদ্যোগ নিয়েছে হকি ফেডারেশন। তারই অংশ হিসেবে আয়োজন করা হচ্ছে জাতীয় স্কুল হকি প্রতিযোগিতা।
মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে কাল এই প্রতিযোগিতার উদ্বোধন করেছেন আন্তর্জাতিক হকি ফেডারেশনের সভাপতি লিয়ান্দ্রো নেগ্রে। বিশ্ব হকির শীর্ষ কর্মকর্তার উপস্থিতি কালকের হকি স্টেডিয়ামের পরিবেশকে করে তুলল আনন্দমুখর। একই সঙ্গে প্রায় ৬০০ স্কুলছাত্রীর ডিসেপ্ল সেটিকে দিয়েছে বাড়তি মাত্রা।
প্রতিযোগিতায় ৬৪ জেলার ১০২টি স্কুলের নিবন্ধিত খেলোয়াড়সংখ্যা ১৬৩২। ঢাকাসহ ১০টি ভেন্যুতে খেলা হচ্ছে। ৬ ফেব্রুয়ারি মাদারীপুর ভেন্যুতে খেলা দিয়ে শুরু বাছাইপর্ব। এ পর্ব শেষে প্রশিক্ষণের জন্য প্রাথমিকভাবে বেছে নেওয়া হবে ১৩০ কিশোরকে।
সাতটি বিভাগে প্রশিক্ষণের পর বাছাই করা হবে ৬৫ জন খেলোয়াড়। এভাবে ধাপে ধাপে প্রশিক্ষণ কার্যক্রম এগিয়ে নিতে চায় হকি ফেডারেশন। কেননা দেশের হকিতে এটিই সবচেয়ে বড় স্কুল টুর্নামেন্ট। ঢাকার বাইরে খেলা হচ্ছে এই প্রথম।