জাতীয় হকিতে নেই অর্ধেক জেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সর্বশেষ চারটি জাতীয় চ্যাম্পিয়নশিপের দুটিতে খেললেই হকি ফেডারেশনের নির্বাচনে ভোটাধিকার পায় জেলাগুলো। জাতীয় চ্যাম্পিয়নশিপ বলতে সিনিয়র ও যুব মিলিয়ে দুটি খেললেই চলে। সেই সুযোগ নিয়ে দুটির বেশি জাতীয় চ্যাম্পিয়নশিপ সাধারণত খেলে না জেলা দল। হকির সূতিকাগার ফরিদপুর, রাজশাহী বা এমন আরও কয়েকটি জেলা ছাড়া বাকিরা নেয় কৌশলের আশ্রয়। তাই একেক বছর একেক জেলাকে দেখা যায় এই টুর্নামেন্টে।
এবার যেমন নতুন দল হিসেবে এসেছে শরীয়তপুর, ফেনী বা সাতক্ষীরার মতো জেলা। ২৭ এপ্রিল মওলানা ভাসানী স্টেডিয়ামে শুরু হতে যাওয়া ৩১তম জাতীয় হকিতে জেলার সংখ্যা অবশ্য মোট ২৪। ৬৪টি জেলা দলের অর্ধেকেরও কমসংখ্যক দল জাতীয় চ্যাম্পিয়নশিপে নিবন্ধন করা মানে হকির আসল ছবিটাই বেরিয়ে আসছে।
হকি-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, হকি এমনিতেই হাতে গোনা কিছু জেলা খেলে। ৬৪ জেলার মধ্যে ২৪টির নিবন্ধন তাঁদের কাছে ‘কম নয়’। কিন্তু প্রশ্ন হচ্ছে, ভোট-বাণিজ্য করার সুযোগ হকি ফেডারেশন কেন রাখবে জেলার সামনে? এটা তো জানাই, অনেক জেলা শুধু কাউন্সিলরশিপ রাখতেই নামমাত্র জাতীয় চ্যাম্পিয়নশিপে আসে।
সারা দেশে হকি ছড়িয়ে না পড়ার কারণ হিসেবে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, আগে সরকারি বিভিন্ন সংস্থা জেলায় জেলায় হকির সরঞ্জাম পাঠাত। এখন তা বন্ধ হয়ে গেছে। যে কারণে অনেক জেলাই আগ্রহ হারিয়ে ফেলেছে। আগ্রহ জাগিয়ে তুলতে হকি ফেডারেশনও কার্যকর কিছু করতে পারছে না। হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুস সাদেক এ জন্য আর্থিক সমস্যাকেই বড় বাধা মনে করছেন।
এই আর্থিক সংকট এবং আরও কিছু কারণে গত বছর তো জাতীয় হকি আয়োজনই করা হয়নি। তা-ও ভালো যে, এক বছর পর এটি আবার মাঠে ফিরছে। ২৪টি জেলার সঙ্গে সার্ভিসেস, শিক্ষা বোর্ড, বিভাগ যোগ হয়ে আরও ৮ দল খেলবে।
সব মিলিয়ে এবারের ৩২ দলের জাতীয় হকিতে একটি ইতিবাচক দিকও অবশ্য আছে। টুর্নামেন্টটি এবার আর নকআউট নয়, এক ম্যাচ খেলে বিদায় নেওয়ার বেদনায় পুড়তে হবে না বেশির ভাগ দলকে। ৩২ দল আট গ্রুপে ভাগ হয়ে খেলবে, প্রতি দলই গ্রুপে তিনটি করে ম্যাচ পাবে। সেই সঙ্গে এবার অর্থ পুরস্কার বাড়ানো হয়েছে।