জাতীয় হকিতে সেরা সেনাবাহিনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যাচ শেষ হতেই সেনাবাহিনীর পতাকা নিয়ে ল্যাপ অব অনার দিলেন খেলোয়াড়েরা। এক ফাঁকে দৌড়ে গিয়ে কোচ মাহবুবুল হককে (মিতু) তুলে নিলেন কাঁধে। ট্রাস্ট ব্যাংক-ভিয়েলাটেক্স জাতীয় হকির ফাইনালে ফরিদপুরকে ২-১ গোলে হারানোর পর সেনাবাহিনীর আনন্দ যেন বাঁধ মানছিল না।জাতীয় হকিতে সেনাবাহিনীর আধিপত্যের গল্পটা আরেকটু সমৃদ্ধ হলো সর্বশেষ সাফল্যে। ১৯৭৪ সাল থেকে জাতীয় হকির ২৬ আসরে দ্বাদশতম বারের মতো চ্যাম্পিয়ন হলো সেনাবাহিনী।মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে কাল প্রথমার্ধে দাপটের সঙ্গেই খেলল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরিদপুর। কিন্তু খেলার ধারার বিপরীতে গোল খেয়ে বসল তারাই। ৩২ মিনিটে ফরিদপুরের গোলরক্ষক আশিকুল বক্সের অনেকটা সামনে এগিয়ে আসেন, সহজেই তাঁকে ফাঁকি দেন সেনাবাহিনীর আবদুল মালেক। ৫৫ মিনিটে ব্যবধান বাড়িয়ে নেন কৃষ্ণ কুমার, উৎস ছিলেন মালেক। ম্যাচ শেষের মাত্র দুই মিনিট আগে অবশ্য একটি গোল শোধ করতে পারেন ফরিদপুরের মইনুল। ম্যাচ-সেরা হয়েছেন সেনাবাহিনীর মালেক।