জাতীয় হকিতে হাস্যকর পুরস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হঠাৎ মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ঢুকলে একটু চমকেই উঠতে পারেন কেউ। অদৃশ্য হয়ে গেছে শেওলা ধরা কালচে সবুজ রঙের সেই নোংরা টার্ফ। চকচকে নীল কৃত্রিম টার্ফ দেখলেই চোখ জুড়িয়ে যায়। তবে হকি মাঠের রংটা বদলালেও খেলায় কিন্তু রং নেই!
জাতীয় হকি চ্যাম্পিয়নশিপে বিভিন্ন দলের হয়ে খেলছেন জাতীয় দলের সব খেলোয়াড়। কিন্তু ম্যাচে টের পাওয়া যাচ্ছে না প্রতিদ্বন্দ্বিতার আঁচ। অবশ্য হাতে গোনা দু-একটা ম্যাচ ব্যতিক্রম। স্টিক হাতে ঘুরেফিরে সেই পুরোনো মুখগুলোরই দাপট। জাতীয় দলের মইনুল ইসলাম এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা। গত লিগ ও ক্লাব কাপেও মুকুটটি ছিল তাঁরই। ৫ ম্যাচে ১১টি গোল করেছেন বাংলাদেশ নৌবাহিনীর এই ফরোয়ার্ড। আর ৪ ম্যাচে ৮ গোল করে নৌবাহিনীর রাসেল মাহমুদ জিমি আছেন দুইয়ে।
জাতীয় হকি জমজমাট না হওয়ার পেছনে প্রস্তুতির অভাবকেই দায়ী করছেন হকি অঙ্গনের অনেকে। প্রায় তিন মাস আগে শেষ হয়েছে প্রথম পর্ব। কিন্তু মাত্র ১০ দিনের নোটিশে খেলতে হয়েছে দ্বিতীয় পর্ব। দলগুলো নিজেদের ভালোভাবে গুছিয়ে নিতেও পারেনি। চূড়ান্ত পর্বের গ্রুপিংটা লটারির মাধ্যমে হলেও তা হয়েছে একপেশে। যেমন নৌবাহিনী, ফরিদপুর, বিকেএসপি, রাজশাহী আর বিমানবাহিনী—সব কঠিন প্রতিপক্ষ ‘বি’ গ্রুপে। ‘এ’ গ্রুপে ঢাকা জেলার সামনে বলতে গেলে দাঁড়াতেই পারেনি দুর্বল পুলিশ, সাতক্ষীরা, চট্টগ্রাম এবং সেনাবাহিনী দল। কাল সেমিফাইনালে নৌবাহিনী ৫-৩ গোলে সেনাবাহিনীকে এবং ফরিদপুর ২-১ গোলে হারিয়েছে ঢাকা জেলাকে। আজ ফাইনাল।
জাতীয় হকির পুরস্কার নিয়েও বেশ হাস্যরসের উদ্রেক হয়েছে হকিপাড়ায়। পৃষ্ঠপোষক এটিএন বাংলা ১০ ভরি ওজনের সোনার ট্রফি দেওয়ার ঘোষণা করেছে চ্যাম্পিয়ন দলকে, কিন্তু শর্তটা অদ্ভুত। আগামী পাঁচ বছর পর সেটি তুলে দেওয়া হবে চ্যাম্পিয়ন দলের হাতে! তার আগে শুধু রেপ্লিকা দেওয়া হবে চ্যাম্পিয়ন দলকে। এটা নিয়ে হকি ফেডারেশনের কর্মকর্তাদের মধ্যেও রয়েছে অসন্তোষ। জাতীয় হকির প্রাইজমানিও হাস্যকর রকম কম। ২০ লাখ টাকা বাজেটের টুর্নামেন্টে মাত্র ৩০ হাজার টাকা বরাদ্দ চ্যাম্পিয়ন দলের জন্য! অথচ গত মাসে শেষ হওয়া জাতীয় স্কুল হকির চ্যাম্পিয়ন দলের প্রাইজমানি ছিল ৩ লাখ। প্রতিযোগিতার ব্যক্তিগত পুরস্কারও একেবারেই আকর্ষণহীন। ফাইনালের সেরা এবং সর্বোচ্চ গোলদাতাকে দেওয়া হবে মাত্র ১০ হাজার টাকা করে। অথচ স্কুল হকিতে সর্বোচ্চ গোলদাতাকেই দেওয়া হয়েছে ২০ হাজার টাকা।
দায়সারা গোছের এমন আয়োজন কিছুতেই মানতে পারছেন না হকি ফেডারেশনের সদস্য ও জাতীয় দলের সাবেক অধিনায়ক মামুনুর রশীদ, ‘আসলে নামকা ওয়াস্তে হচ্ছে এবারের জাতীয় হকি। এভাবে দায়সারা টুর্নামেন্ট করায় ভালো মানের খেলোয়াড়ও উঠে আসছে না। দর্শক তো আসেই না। রেকর্ডের খাতায় নাম লেখাতেই যেন এমন আয়োজন।’