জাতীয় হকিতে ২০ ম্যাচে ১৭২ গোল
ক্রীড়া প্রতিবেদক: ট্রাস্ট ব্যাংক-ভিয়েলাটেক্স জাতীয় হকিতে ফরিদপুরের হয়ে ‘ভাড়ায়’ খেলছেন মশিউর রহমান (বিপ্লব)। গ্রুপ পর্বে ফরিদপুর ১৬-০ গোলে হারিয়েছে চট্টগ্রাম জেলাকে। উচ্ছ্বসিত হওয়ার বদলে কষ্ট নিয়ে মাঠ ছেড়েছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক। এমন একপেশে ম্যাচ যে তাঁর কাছে মোটেই উপভোগ্য নয়!জাতীয় হকির গতকাল পর্যন্ত সাত গ্রুপের ২০ ম্যাচে এ পর্যন্ত গোল হয়েছে ১৭২টি। ঢাকা ১৫-০ গোলে রংপুরকে, বিকেএসপি ১১-০ গোলে চট্টগ্রামকে, সেনাবাহিনী ১৫-০ গোলে যশোর জেলাকে হারিয়েছে। কেন এমন অসম লড়াই? ফরিদপুরের ফরোয়ার্ড প্রশান্ত কুমার বলছেন, ‘হকির মান অনেক কমে গেছে। লিগ না হওয়ায় নতুন খেলোয়াড় বের হচ্ছে না।’ ইয়ামিনের কথা, ‘এসব প্রতিযোগিতায় বাছাইপর্ব করা উচিত। তাহলে চূড়ান্ত পর্বে অন্তত জমজমাট লড়াই আশা করা যায়।’পটুয়াখালীর জয়: মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে কাল একমাত্র ম্যাচে কুমিল্লার বিপক্ষে পটুয়াখালী জিতেছে ৫-২ গোলে। জয়ী দলের সুমন করেছেন তিনটি গোল।