জাদুকর সামাদ টুর্নামেন্ট নিয়ে হাহাকার
কিশোর ফুটবল টুর্নামেন্ট এমনিতেই দেশে খুব একটা হয় না। টুকটাক যা হয়, তার মধ্যে ছিল জাদুকর সামাদ কিশোর ফুটবল টুর্নামেন্ট। কিন্তু তিন বছর আগে এটি বন্ধ হয়ে যাওয়ায় তা আর আলোর মুখ দেখল না। এরশাদের আমলে কিশোর ফুটবল টুর্নামেন্ট হতো। সেটি বন্ধ হলে ১৯৯০ সালে সাংবাদিক জিয়াউল হক অগ্রণী ভূমিকা নিয়ে শুরু করেছিলেন একটি কিশোর টুর্নামেন্ট। পরের বছর যেটির নামকরণ হয় জাদুকর সামাদ কিশোর ফুটবল (অনূর্ধ্ব-১৫)। মাঠ, অর্থ, সাংগঠনিকভাবে দক্ষ লোকেরও অভাব ছিল, তবু অদম্য ইচ্ছার জোরে অনিয়মিত হলেও ২০১০ পর্যন্ত ১২টি টুর্নামেন্ট তাঁরা করেছিলেন।কিন্তু টুর্নামেন্টটি আর মাঠে ফেরানো সম্ভব হচ্ছে না নানা সমস্যায়। আয়োজকেরা এই হাকাকার ঢেকে রাখতে পারলেন না কাল জাদকুর সামাদ স্মারক বই উন্মোচন অনুষ্ঠানে। বইটি সম্পাদনা করেছেন তিনজন—জিয়াউল হক, সেলিম নজরুল হক ও মোরসালিন আহমেদ। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ভবনে আয়োজিত অনুষ্ঠানে ঘুরেফিরে এল জাদুকর সামাদ টুর্নামেন্ট বন্ধ হয়ে যাওয়ার বিষয়টা।‘অনেকের দুয়ারে গিয়েছি, কিন্তু সেভাবে সহযোগিতা মিলল না। কী করব, বাধ্য হয়েই আমাদের এই সিদ্ধান্ত নিতে হয়েছে’—বললেন জিয়াউল হক। বাংলাদেশ ক্রীড়া লেখক সমিকির সভাপতি থাকার সময়ই তিনি এ উদ্যোগটা নিয়েছিলেন। ১৯৩৬ সালের পর আর খেলেননি উপমহাদেশের ফুটবল জাদুকর সামাদ, মারা গেছেন ১৯৬৪ সালে। বিস্মৃতির অতলে হারিয়ে যাননি, এখনো জীবন্ত সামাদ। বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি আয়োজিত কালকের অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান বললেন, ‘ফুটবলের মতো জনপ্রিয় খেলা আর কোনটাই নয়। জাদুকর সামাদ বাঙালির শতবর্ষের সেরা খেলোয়াড় এতে কোনো সন্দেহ নেই।’