জাদুকরের নাম লেম্যান

২০১৩ সালের জুনে অস্ট্রেলিয়ার দক্ষিণ আফ্রিকান কোচ মিকি আর্থার বরখাস্ত হওয়ার সঙ্গে সঙ্গে জানা গেল নতুন কোচের নাম, ড্যারেন লেম্যান। ঘটনাটা অনেকটা বিনা মেঘে বজ্রপাতের মতোই! কেননা, তখন নানা ঘটনায় টালমাটাল অস্ট্রেলিয়ান ক্রিকেট।
ওই সময় কড়া নাড়ছিল অ্যাশেজ সিরিজ। চার মাস ধরে জয়হীন অস্ট্রেলিয়া। দুঃস্বপ্নের শুরু হয়েছিল ভারত সফর দিয়ে, এরপর একের পর এক বিতর্কে টালমাটাল হয়েছিল অস্ট্রেলিয়ান ক্রিকেট। ভারত সফরের মাঝামাঝি ‘হোমওয়ার্কগেট’ কেলেঙ্কারিতে জড়িয়ে দেশে ফিরে যেতে হয়েছিল চার ক্রিকেটারকে। ব্যর্থতা পিছু ছাড়েনি সেবার চ্যাম্পিয়নস ট্রফিতেও। ওই সময় পানশালায় ইংল্যান্ডের জো রুটকে ঘুষি মারায় অ্যাশেজের আগ পর্যন্ত দল থেকে বহিষ্কার করা হয় ডেভিড ওয়ার্নারকে।
লেম্যানের প্রথম অ্যাসাইনমেন্ট ছিল ইংল্যান্ডে অনুষ্ঠিত অ্যাশেজ সিরিজ। হাতে পর্যাপ্ত সময় না পাওয়া দলটা গুছিয়ে তুলতে পারেননি। সেবার অ্যাশেজ হারলেন ৩-০ ব্যবধানে। নিজে ছিলেন চ্যাম্পিয়ন দলের সদস্য। দলের এমন টানা ব্যর্থতা লেম্যানের পক্ষে মেনে নেওয়া কঠিনই। ব্যর্থতার চোরাবালি থেকে দলকে টেনে তোলার কাজে নেমে পড়লেন। ফল মিলল হাতেনাতেই। ঘরের মাঠে ফিরতি অ্যাশেজে ইংল্যান্ডের বিপক্ষে ৫-০ ব্যবধানে সিরিজ জিতে কঠিন প্রতিশোধ নিলেন। এখানেই শেষ নয়, গত বছর ফেব্রুয়ারি-মার্চে দক্ষিণ আফ্রিকার মাটিতেই টেস্ট সিরিজ জিতলেন ২-১ ব্যবধানে। ব্যর্থতার মধ্যে সেপ্টেম্বরে জিম্বাবুয়েতে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজের ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাঁর দল হেরেছিল ৬ উইকেটে।
এরপর ডিসেম্বর-জানুয়ারিতে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ জয়, ত্রিদেশীয় সিরিজ জিতে বিশ্বকাপ-মিশনে নামা। তারপর? তা তো দেখলেনই আজ। দুর্দান্ত খেলে ফাইনালে ওঠা নিউজিল্যান্ডকে স্রেফ উড়িয়ে দিল লেম্যানের ছাত্ররা। জিতল পঞ্চমবারের মতো শিরোপা। নিজে খেলোয়াড় হিসেবে জিতেছিলেন ১৯৯৯ বিশ্বকাপ আর কোচ হিসেবে এবার। ক্রিকেটে এমন ঘটনা আছেই মাত্র একটি। জিওফ মার্শ খেলোয়াড় হিসেবে জিতেছিলেন ১৯৮৭ বিশ্বকাপ। আর কোচ হিসেবে ১৯৯৯ বিশ্বকাপ। মার্শের শিষ্য লেম্যান ভাগ বসালেন গুরুর রেকর্ডে।
মাত্র কয়েক মাসে দলটার চেহারা বদলে দিয়েছেন। কী সেই রহস্য? কেউ বলেন, তাঁর ‘ম্যান ম্যানেজমেন্ট’-এর অসাধারণ ক্ষমতার কথা। দলের সঙ্গে বন্ধুর মতো মিশে যাওয়া, আবার একই সঙ্গে কড়া নজরদারিও রাখা। তিনি যেন একই সঙ্গে হোসে মরিনহো আর আলেক্স ফার্গুসন। দলকে শৃঙ্খলার মধ্যে রাখেন, আবার কার ভেতর থেকে সেরাটা কীভাবে বের করে আনতে হয়, সেটাও জানা আছে। তবে আসল রহস্যটা তো তিনিই জানেন ভালো।
ব্যর্থতার ঘূর্ণাবর্তে হাবুডুবু খেতে থাকা একটি দলকে যিনি বদলে দিতে পারেন, বিশ্ব চ্যাম্পিয়ন করতে পারেন, নিশ্চিত তাঁর হাতে জাদু আছে। জাদুকরের নাম লেম্যান।