জাদুমন্ত্রে ঘায়েল হবে জার্মানি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাজিলিয়ান জাদুকর সিলমানের জাদুবিদ্যার সরঞ্জামদি।
ব্রাজিলিয়ান জাদুকর সিলমানের জাদুবিদ্যার সরঞ্জামদি।

এবার বিশ্বকাপে জাদুকরেরা বেশ ভূমিকা রাখতে চাচ্ছেন। এর আগে শোনা গিয়েছিল জাদুমন্ত্রে ক্রিস্টিয়ানো রোনালদোকে থামিয়ে দেবেন ঘানার ওঝা কোয়াকো বোনসাম! এখন জানা গেল, জাদুমন্ত্র দিয়ে সেমিফাইনালে  জার্মানিকে হারিয়ে দেওয়ার বন্দোবস্ত করছেন ব্রাজিলীয় পুরোহিত হেলিও সিলমান!

অবশ্য তুক-তাকে হেলিও সিলমান যে খুব ‘পটু’ সেটা ঠিক বলা যাচ্ছে না। ব্রাজিল-কলম্বিয়া কোয়ার্টার ফাইনালে হামেস রদ্রিগেজ যেন গোল করতে না পারেন, সে জন্য তাঁর মারা ‘বাণ’ খুব একটা কাজে আসেনি। দল হারলেও রদ্রিগেজ কিন্তু ঠিকই পেনাল্টি থেকে বিশ্বকাপে নিজের ষষ্ঠ গোলটি করেছিলেন।

সবচেয়ে বড় কথা নেইমারের প্রতি তাঁর আশীর্বাদের ‘জাদু’ কোনো কাজে তো লাগেইনি, বরং উল্টো ব্যাপার ঘটেছে। মেরুদণ্ডে আঘাত পেয়ে বিশ্বকাপটাই শেষ হয়ে গেছে ব্রাজিলের এই প্রাণভোমরার।

তবে ‘দু-একটা এদিক-ওদিক’ হলেও নিজের জাদুকে নিয়ে কটাক্ষ না করারই অনুরোধ জানিয়েছেন সিলমান। তিনি দাবি করেছেন, তাঁর জাদুবলেই নাকি ব্রাজিল চিলিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিল। গ্রুপ পর্বে ক্যামেরুনকে উড়িয়ে দিয়ে নিশ্চিত করেছিল গ্রুপের শীর্ষস্থান। উদ্বোধনী ম্যাচে পিছিয়ে পড়েও জয় পেয়েছিল ক্রোয়েশিয়া। অবশ্য মেক্সিকোর বিপক্ষে ব্রাজিল কেন গোলশূন্য করল, সে ব্যাপারে কিন্তু কিছু বলেননি সিলমান।

তাঁর জাদুর প্রক্রিয়াটি হচ্ছে, ফুটবল মাঠের আকৃতির ছোট্ট একটা বাক্সে প্রতিপক্ষ দলের জার্সির রঙের সঙ্গে মিলিয়ে কিছু মোমবাতি রাখা হয়। সেখানে কিছু জাদুর পুতুলও থাকে। পুতুলগুলো দিয়ে তিনি নির্দেশ করেন দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের। এরপর তন্ত্রমন্ত্র দিয়ে ওই খেলোয়াড়দের মঙ্গল বা অমঙ্গল কামনাই সেই জাদুর মূল। মুলারদের কপালে কী আছে—কে জানে! এএফপি।