জাদেজা-ঝড়ের পরও উইন্ডিজের ২৩৩

‘ঝড়’ উপমাটা ঠিক স্পিনারদের সঙ্গে যায় না; পেসারদের সঙ্গেই ভালো মানায়। তার পরও রবীন্দ্র জাদেজার ঘূর্ণিতে যেভাবে হুট করে টালমাটাল হয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ, ‘ঝড়’ শব্দটা লিখতেই হচ্ছে।
১ উইকেটে ১০৩ থেকে ওয়েস্ট ইন্ডিজের স্কোর দেখতে দেখতে হয়ে গেল ১০৯/৪। ২৫ বলের মধ্যে ৬ রান তুলতে না তুলতেই তিন উইকেটের পতন। এই তিনটা উইকেটই নিজের টানা তিন ওভারে তুলে নেন জাদেজা। পরে নিয়েছেন আরও দুটি উইকেট। জাদেজা-ঝড়ের কবলে পড়েও শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহটা মন্দ হয়নি। ৯ উইকেটে ২৩৩ রান তুলেছে ক্যারিবীয়রা।
ক্যারিবীয়দের ‘চ্যালেঞ্জিং’ সংগ্রহের মূল কারিগর ড্যারেন স্যামি। দলের বিপর্যয়ে হাল ধরেছিলেন। সেই হালটা আর ছাড়েননি। ইনিংসের শেষ পর্যন্ত লড়ে ৩৫ বলে ৫৬ রান নিয়ে অপরাজিত থাকেন তিনি। দলীয় সর্বোচ্চ স্কোরটা অবশ্য জনসন চার্লসের। ৫৫ বলে ৬০ রান করেন উদ্বোধনী এই ব্যাটসম্যান। দুই ভাই ড্যারেন ব্রাভো ও ডুয়াইন ব্রাভোর সংগ্রহ যথাক্রমে ৩৫ ও ২৫ রান।
ঝড়ের পূর্বাভাস দেওয়া ক্রিস গেইলকে ২১ রানে থামিয়ে দিয়েছিলেন ভুবনেশ্বর কুমার। কিন্তু এর পরই জনসন চার্লস আর ড্যারেন ব্রাভো মিলে গড়ে তোলেন ৭৮ রানের দারুণ এক জুটি। ওভারপ্রতি পাঁচের ওপর রান তুলে ধোনির কপালে দুশ্চিন্তার রেখাটি চওড়া করছিলেন এই দুজন। এ ধরনের পরিস্থিতিতে যা করেন, ধোনি তা-ই করলেন; নিজের প্রিয় বাজির ঘোড়াগুলোর একজনকে ডেকে আনলেন আক্রমণে।
বল হাতে পেয়ে দ্বিতীয় ওভারেই জাদেজা ফেরালেন মূল দুশ্চিন্তা হয়ে ওঠা চার্লসকে (৬০)। নিজের পরের ওভারেই মারলন স্যামুয়েল (১), তার পরের ওভারে জাদেজা বধ করেন রামনরেশ সারওয়ানকে (১)। ৩১ রানের জুটি গড়ে ঝড়ের ধাক্কা সামলাচ্ছিলেন ব্রাভো ভাইয়েরা। কিন্তু ৩৫ রান করে ডোয়াইনকে ছেড়ে ড্যারেন সাজঘরে ফেরেন অশ্বিনের শিকার হয়ে। ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহটা দুইশ পেরোবে কি না, সংশয় জেগেছিল। তবে সেই সংশয়টা মিথ্যে প্রমাণিত করেন ড্যারেন স্যামি। সূত্র: ক্রিকইনফো।