জাদেজার কাছে চেন্নাইয়ের নেতৃত্ব ছাড়লেন ধোনি

চেন্নাই সুপার কিংসের নেতৃত্ব ছাড়লেন মহেন্দ্র সিং ধোনিছবি: বিসিসিআই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চেন্নাই সুপার কিংস ও মহেন্দ্র সিং ধোনি—একটি আরেকটির সমার্থকই হয়ে গেছে প্রায়। ২০০৮ সালে আইপিএলের প্রথম মৌসুম থেকেই চেন্নাই সুপার কিংসের নেতৃত্বে ছিলেন মহেন্দ্র সিং ধোনি। মাঝে দুই মৌসুম আইপিএলে নিষিদ্ধ ছিল চেন্নাই। ওই দুই মৌসুম বাদ দিলে প্রতিবারই তাদের অধিনায়কত্ব করা ধোনি সরে দাঁড়ালেন এবার। ২৬ মার্চ থেকে শুরু হতে যাওয়া আইপিএলে চেন্নাইকে নেতৃত্ব দেবেন রবীন্দ্র জাদেজা।

এক বিবৃতিতে চেন্নাই জানিয়েছে, ‘এম এস ধোনি চেন্নাই সুপার কিংসের নেতৃত্ব হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছেন। দলের নেতৃত্ব দিতে তিনি রবীন্দ্র জাদেজাকে বেছে নিয়েছেন। ২০১২ সাল থেকে চেন্নাই সুপার কিংসের গুরুত্বপূর্ণ অংশ জাদেজা, যিনি চেন্নাইকে নেতৃত্ব দিতে যাওয়া মাত্র তৃতীয় ব্যক্তি হতে যাচ্ছেন।’

রবীন্দ্র জাদেজার কাছে দায়িত্ব হস্তান্তর করেছেন ধোনি
ছবি: আইপিএল

আইপিএলে এখন পর্যন্ত ধোনির নেতৃত্বে দ্বিতীয় সর্বোচ্চ চারবার চ্যাম্পিয়ন হয়েছে চেন্নাই। গতবারও শিরোপা জিতেছে তারা। ধোনি ছাড়া চেন্নাইয়ের অধিনায়কত্ব করেছেন শুধু সুরেশ রায়না। মাঝে দুই মৌসুম রাইজিং পুনে সুপারজায়ান্টসকেও নেতৃত্ব দিয়েছিলেন ধোনি। ফলে এবারই প্রথমবার আইপিএলে অধিনায়কত্ব করবেন না তিনি। সব মিলিয়ে আইপিএলে ২০৪ ম্যাচ অধিনায়কত্ব করেছেন ধোনি।

ক্রিকইনফোকে চেন্নাইয়ের প্রধান নির্বাহী কাসি বিশ্বনাথান বলেছেন, গত বৃহস্পতিবার টিম মিটিংয়ে নিজের সিদ্ধান্তের কথা জানান ধোনি। তবে এ সিদ্ধান্তে তাঁরা অবাক হননি বলেও জানিয়েছেন বিশ্বনাথান, ‘এম এস ধোনি এটি নিয়ে ভাবছিল। তার মনে হয়েছে, জাড্ডুকে (জাদেজা) দায়িত্ব হস্তান্তর করার এটিই উপযুক্ত সময়। তার মনে হয়েছে, জাড্ডু তার ক্যারিয়ারের সেরা ফর্মে আছে, চেন্নাইকে নেতৃত্ব দেওয়ার আদর্শ সময় এটি। ফ্র্যাঞ্চাইজির জন্য কোনটি ভালো, নিশ্চয়ই সেটি তার ভাবনায় ছিল।’

২০২০ সালের আগস্টে এক ইনস্টাগ্রাম পোস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন ধোনি। দুই মৌসুম ধরেই তাই আইপিএলে ধোনির ভবিষ্যৎ নিয়ে আলোচনা হচ্ছে। গত নভেম্বরে চেন্নাইয়ের এক অনুষ্ঠানে ধোনি বলেছিলেন, অন্তত আরেকটি মৌসুমে খেলবেন তিনি। ধোনির অধিনায়কত্ব ছাড়ার বিবৃতিতে চেন্নাই বলেছে, ‘ধোনি এ মৌসুমে এবং এরপরও চেন্নাইয়ের প্রতিনিধিত্ব করে যাবে।’

চেন্নাইয়ের চতুর্থ শিরোপা হাতে ধোনি
ছবি: আইপিএল

২০১৪ সালে হুট করেই টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন ধোনি। তবে ২০১৬ সাল পর্যন্ত সীমিত ওভারে ভারতকে নিয়মিত নেতৃত্ব দিয়েছিলেন। বিশ্বনাথানের মনে হয়, নেতৃত্ব ছাড়ার উপযুক্ত সময়ের অপেক্ষা করছিলেন ধোনি, ‘নিজের অধীনে রেখে বিরাটকে গড়ে তোলার পরই সে কোহলির কাছে অধিনায়কত্ব ছেড়েছিল। একইভাবে (এখানেও) সে এই পালাবদলের পথটা মসৃণ করতে চেয়েছে।’

এ মৌসুমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়কত্ব করবেন না কোহলি। নতুন অধিনায়ক হিসেবে ফাফ ডু প্লেসির নাম ঘোষণা করা হয়েছে।

২৬ মার্চ আইপিএল শুরুর দিন মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে চেন্নাই।