জাদেজার স্পিনে সেমিফাইনালে ভারত

শুরুটা হয়েছিল সাধারণ্যে। পরে মজাটা পেয়ে বসেন সতীর্থরাও। রবীন্দ্র জাদেজা হয়ে ওঠেন রজনীকান্তের ক্রিকেটীয় সংস্করণ। রায়না-অশ্বিনরাও ‘স্যার’ জাদেজাকে নিয়ে সমানে মজার সব টুইট করেন। মহেন্দ্র সিং ধোনি কখনো স্যার জাদেজার অতিমানবীয় ক্ষমতার কথা বলেন। কখনো আবার গম্ভীর মুখে বলেন, ‘স্যার জাদেজা আজ কিছু বলতে নিষেধ করেছেন।’ তবে গত কিছুদিনে যা পারফরম্যান্স, তাতে এই মজা করার দিন বুঝি ফুরোল। কিংবা এই ‘স্যার’ আখ্যান চলতেই থাকবে, তবে মজা করে নয়, সত্যিই প্রশংসা হয়ে!
সেই বার্তাটা কাল আরেকবার দিলেন জাদেজা। বল হাতে এমন এক কীর্তি গড়লেন, যা পারেননি কুম্বলে-হরভজনরাও। প্রথম ভারতীয় স্পিনার হিসেবে ইংল্যান্ডের মাটিতে ৫ উইকেট নিলেন ওয়ানডেতে।
জাদেজার দুর্দান্ত বোলিং আর পরে ব্যাট হাতে শিখর ধাওয়ানের অপরাজিত সেঞ্চুরির সুবাদে ৮ উইকেটে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ভারতও উঠে গেল চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে। ১৫ জুনের ভারত-পাকিস্তান ম্যাচ এখন তাই এক অর্থে শুধুই আনুষ্ঠানিকতা। তার আগের দিন দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে নির্ধারিত হবে এই গ্রুপের আরেক সেমিফাইনালিস্ট।
জিতলে নিজেদের সেমিফাইনাল নিশ্চিত হবে, একই সঙ্গে টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান—এক ঢিলে দুই পাখি মারার এমন সুযোগ সামনে রেখেই মাঠে নেমেছিল ভারত। জাদেজার বোলিং কাজটা সহজ করে দেয় অনেক। ওয়েস্ট ইন্ডিজ ২৩৩ রানে থেমে যাওয়ার পর বাকি দায়িত্বটুকু ছিল ভারতীয় ব্যাটসম্যানদের ওপর। অপরাজিত ১০২ রান করা ধাওয়ান ছাড়াও রোহিত শর্মা আর দীনেশ কার্তিকরা সে দায়িত্ব পালন করেছেন দারুণভাবে। দুই ওপেনার মিলে ১৫ ওভারেই তুলে নিয়েছিলেন ৯৮ রান। দলীয় ১০১ রানের মাথায় ৫২ রান করে রোহিত আউট হয়ে যান। এর কিছুক্ষণ পর ১২৭ রানে ফিরে যান বিরাট কোহলিও (২২)। তবে ভারতের জয় নিয়ে কখনোই সংশয় দেখা দেয়নি।
ওয়েস্ট ইন্ডিজ ২৩০ ছাড়াতে পেরেছে আটে নামা ড্যারেন স্যামির ঝোড়ো ফিফটিতে। অধিনায়ক থেকে সরাসরি একাদশের বাইরে চলে গিয়েছিলেন। দিনেশ রামদিনের নিষেধাজ্ঞায় পাওয়া সুযোগটা কাজে লাগালেন দারুণভাবে। ১৮২ রানে পড়েছিল নবম উইকেট। সেখান থেকেই কেমার রোচকে নিয়ে শেষ উইকেটে ২৭ বলে ৫১ রানের জুটি। তাতে রোচের অবদান শূন্য! স্যামির ঝড়ে শেষ ৪ ওভারেই উঠেছে ৫১! প্রথম ৯ ওভারে ২২ রান দেওয়া ইশান্ত শেষ ওভারে দিয়েছেন ২১।
তার আগের সময়টা ম্যাচসেরা জাদেজার। সোজা বলে চার্লসকে এলবিডব্লু করে শিকার শুরু, রামপলকে বোল্ড করে ক্যারিয়ারের প্রথম ৫ উইকেট। ২০তম ওভারে ১ উইকেটে ১০৩ থেকে ৪৩তম ওভারে ওয়েস্ট ইন্ডিজ হয়ে যায় ৭ উইকেটে ১৭১! স্যামি-ঝড়ে ভারতের বোলিংয়ের শেষটা হয়েছিল অস্বস্তিতে, তবে সেই অস্বস্তি দূর হয় ওপেনারদের ব্যাটিংয়ে। ওয়েবসাইট।