কীভাবে যে শুরু করব, ভেবে পাচ্ছি না। এমন একটা স্নায়ুক্ষয়ী জয়ের পর আসলে অনুভূতি প্রকাশের ভাষা থাকে না। আমি বরাবরই বলে এসেছি, এই বাংলাদেশ দলই আপনাকে সব দেবে। ৫৮ রানে অলআউট হয়ে আপনাকে হতাশায় ডোবাবে। আবার এই দলই ঘুরে দাঁড়িয়ে আনন্দে ভাসাবে।আগের শুক্রবারের কথা ভাবুন, আর কালকের শুক্রবারের কথা ভাবুন। দুটিই বিপরীত মেরুতে। সব আবার বদলে গেছে। সব আবার যেন হাসতে শুরু করেছে দেশ। এটাই আসলে ক্রিকেট।মাহমুদউল্লাহ-শফিউলকে সেলাম। অসাধারণ ব্যাটিং করল ওরা। জানতাম, শফিউল ব্যাট করতে পারে। কিন্তু এভাবে ও ম্যাচ জিতিয়ে দেবে সেটা অবিশ্বাস্য ছিল। বিয়াদকে (মাহমুদউল্লাহ) একজনের সমর্থন দেওয়ার দরকার ছিল। কিন্তু শফিউল শুধু সমর্থন নয়, রানও করে দিয়ে গেল। নিজের আয়ত্তের মধ্যে পাওয়া বলগুলো থেকে ও রান আদায় করে নিয়েছে। এটাই সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার।ইংল্যান্ড সম্ভবত ভাবতেই পারেনি শফিউল এভাবে ব্যাট চালাবে। তাই ওকে নিয়ে স্ট্রাউসদের কোনো হোমওয়ার্কও বোধ হয় ছিল না। কে জানত ও এভাবে ইংল্যান্ডকে শেষ করে দেবে শেষবেলায়! এই ইংল্যান্ডের বিপক্ষেও শফিউলের একটা টেস্ট ফিফটি আছে। দুর্দান্ত এই ব্যাটিংয়ের পরও আমি শফিউলকে ওর বোলিংটার প্রতি আরও দৃষ্টি দিতে বলব। দলের জন্য ওর বোলিংই বেশি জরুরি।আমরা জিততাম, আমি খুবই উচ্ছ্বসিত। কিন্তু তার পরও আমাদের ব্যাটিং নিয়ে আরও ভাবার আছে। আরও উন্নতি দরকার। ১৫ রানে ৫ উইকেট হারানো ভালো লক্ষণ নয়। ওই সময়টা কীভাবে যে কেটেছে, বোঝাতে পারব না।অনেকেই ধরে নিয়েছে, ১৬৬ রানে ৮ উইকেটে পড়ে যাওয়ার পর অবধারিতভাবেই আমরা হারতে চলেছি। আমি কিন্তু হাল ছাড়িনি। কারণ শফিউলের ওপর আস্থা তো ছিলই, তা ছাড়া রানের চেয়ে বল বেশি থাকায় মনের মধ্যে আশাটা বাঁচিয়ে রেখেছিলাম। আশাটা আরও জোরালো হলো, সোয়ানের ওভারে যখন ১৬ রান এল। তখনই ভালোভাবে নড়েচড়ে বসি।ইংল্যান্ডকে হারিয়ে আমাদের দ্বিতীয় রাউন্ডে যাওয়ার সম্ভাবনারেখাটা ভালোভাবে দেখা দিলেও এখনো আমি বলব, দ্বিতীয় রাউন্ড নিয়ে ভাবার দরকার নেই আপাতত। পরের ম্যাচটা হল্যান্ডের সঙ্গে। সেটি নিয়েই সব ভাবনা থাকুক। দ্বিতীয় রাউন্ড একদমই মাথায় আনা যাবে না। তাহলে আবার চাপ এসে ঘিরে ধরবে।এই প্রথম টস জেতার সুবিধাটা আমরা নিতে পারলাম। ম্যাচটা খুব ভালোভাবে শুরু হয়েছিল আমাদের। বোলিং ছিল দুর্দান্ত। স্পিনাররা কোনো সুযোগই দেয়নি ইংলিশ ব্যাটসম্যানদের। নাঈম আর রাজ্জাকের জন্য কোনো প্রশংসাই যথেষ্ট নয়। শেষ দিকে সাকিবও খুব ভালো বোলিং করেছে। নাঈম তো অসাধারণ করেছে শুরুতেই।ইংলিশ ব্যাটসম্যানদের মধ্যে ম্যাট প্রিয়রই শুধু বাজেভাবে আউট হয়েছে বলব। এ ছাড়া অন্যরা ভালো বোলিংয়েই উইকেট দিয়েছে। মরগান দারুণ ব্যাট করল। ও দাঁড়িয়ে না গেলে আমার তো মনে হয় দেড় শ রানও হয় না ইংল্যান্ডের। ইমরুলের নেওয়া মরগানের ক্যাচটাই ম্যাচ আসলে আমাদের দিকে ঘুরিয়ে দিয়েছে।ইংল্যান্ডকে ২২৫ রানে বেঁধে রেখে যে শুরুটা দরকার ছিল, তার চেয়েও ভালো শুরু করেছে তামিম। ও-ই কাজটা আসলে সহজ করে দিয়েছিল আমাদের। তামিম টিকে থাকলে আমরা অনেক আগেই ম্যাচটা জিতে বের হই। তবে তামিম যাওয়ার পর খুব সুন্দরভাবে এগিয়ে নিল ইমরুল। এরপর কী ঘটেছে, তা আর নতুন করে বলার নেই। বাংলাদেশ দলকে অভিনন্দন।